‘উদ্বেগ দূর করবে দুদক’
তদন্তের মাধ্যমে বিশ্ব ব্যাংক প্যানেলের উদ্বেগের অবসান ঘটানোর আশা করছেন দুর্নীতি দমন কমিশনের চেয়ারম্যান গোলাম রহমান।
পদ্মা প্রকল্পে দুর্নীতির তদন্ত নিয়ে বিশ্ব ব্যাংক প্যানেলের উদ্বেগ প্রকাশের পরদিন তিনি এই আশাবাদ প্রকাশ করেন।
ফাইল ছবি
গোলাম রহমান বুধবার সাংবাদিকদের বলেন, “আমরা সব উদ্বেগ-উৎকণ্ঠা দূর করতে সমর্থ হব বলে আমরা বিশ্বাস করি। কারণ আমাদের উদ্দেশ্য এক ও অভিন্ন।”
বিশ্ব ব্যাংক প্যানেলের প্রধান লুইস গাব্রিয়েল মোরেনো ওকাম্পো মঙ্গলবার এক বিবৃতিতে দুদকের তদন্ত নিয়ে উদ্বেগ প্রকাশ করে বলেন, চলমান পদক্ষেপে জড়িত সবাইকে ধরা যাবে না বলে তারা মনে করছেন।
পদ্মা সেতু প্রকল্পে ঋণদাতা সংস্থা বিশ্ব ব্যাংক দুর্নীতির অভিযোগ তোলার পর তার অনুসন্ধান শুরু করে দুদক। দীর্ঘ অনুসন্ধানের পর গত ১৭ ডিসেম্বর মামলা করে সংস্থাটি।
মামলা তদন্তে দুদক কয়েকজন কর্মকর্তাকে নিয়ে একটি দল গঠন করেছে, যাদের ফেব্রুয়ারির মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
ওকাম্পো বলেন, “কিন্তু আমরা এই বিষয়গুলো মূল্যায়ন করে উদ্বেগের সঙ্গে লক্ষ্য করেছি, দুদকের তদন্ত এবং সংস্থাটির এখন পর্যন্ত নেয়া পদক্ষেপের মধ্য দিয়ে পদ্মা সেতুর দুর্নীতির প্রমাণ পাওয়ার তেমন সুযোগ নেই।
“আর এ কারণেই আমরা মনে করি, একটি সম্পূর্ণ এবং নিরপেক্ষ তদন্তের পথ বের করা প্রয়োজন।”
মামলার আগে দুদক সাবেক দুই মন্ত্রী সৈয়দ আবুল হোসেন ও আবুল হাসান চৌধুরীসহ অনেককে জিজ্ঞাসাবাদ করলেও আসামি করা হয়েছে সেতু বিভাগের সাবেক সচিব মোশাররফ হোসেন ভূইয়াকে।
কাদের কাদের আসামি করা হবে- সে বিষয়ে মতভেদ নিয়েই গত ডিসেম্বরের প্রথম সপ্তাহে ঢাকা ছেড়েছিল বিশ্ব ব্যাংক প্যানেল।
আবুল হোসেন ও আবুল হাসান চৌধুরীকে আসামি না করার বিষয়ে দুদক বলেছে, অনুসন্ধানে তাদের জড়িত থাকার সুনির্দিষ্ট প্রমাণ পাওয়া যায়নি।
তদন্ত নিয়ে বিশ্ব ব্যাংক প্যানেলের অসন্তোষের কারণ জানতে চাইলে দুদক চেয়ারম্যান এক্ষেত্রে অন্য দেশের সঙ্গে তুলনা করে বাংলাদেশের সামগ্রিক ব্যবস্থার পার্থক্যকে দায়ী করেন।
“অন্যান্য দেশের সঙ্গে আমাদের দেশের আইনের পার্থক্য রয়েছে। সন্দেহ থেকে অনেক দেশে গ্রেপ্তার করা যায়। কিন্তু আমাদের দেশে গ্রেপ্তারের ক্ষেত্রে যুক্তিসঙ্গত কারণ খাকতে হয়।”
ওকাম্পোদের সঙ্গে মতভেদের বিষয়ে গোলাম রহমান মঙ্গলবার বলেন, “তদন্ত প্যানেল দ্বিতীয় সফরে আমাদের জানিয়েছিল, সৈয়দ আবুল হোসেনের সঙ্গে এসএনসি লাভালিনের সাক্ষাতকারের সময় প্রকল্প ব্যয়ের চার শতাংশ কমিশন (ঘুষ) দেয়ার বিষয়ে আলোচনা হয়েছিল।
“চার শতাংশ কমিশনের এ বিষয়টি দুদক প্রমাণ হিসেবে গ্রহণ করতে পারে কি না- এ বিষয়ে জিজ্ঞাসাও করে তদন্ত প্যানেল।”
“এর উত্তরে আমরা জানিয়েছি- যেহেতু ঘটনাটি বাংলাদেশে ঘটেছে এবং এর তদন্ত ও বিচার হবে বাংলাদেশের আইন অনুয়ায়ী। সুতরাং এ বিষয়ে দালিলিক কোনো প্রমাণ ছাড়া আবুল হোসেনের বিরুদ্ধে মামলা করা আইনানুগভাবে সম্ভব না।”
ওকাম্পো নেতৃত্বাধীন প্যানেল সম্প্রতি দুদককে পাঠানো এক চিঠিতে তদন্তের বিষয়ে তাদের অবস্থান জানায়, তবে তা বিশ্ব ব্যাংকের অবস্থান নয় বলে ঢাকায় সংস্থার আবাসিক প্রতিনিধি এলেন গোল্ডস্টাইন মঙ্গলবার জানিয়েছেন।
ওকাম্পো বিবৃতিতে বলেছেন, দুদকের কাছে আরো কিছু বিষয়ে ব্যাখ্যা চেয়েছে প্যানেল। তার জবাব পাওয়ার আগ পর্যন্ত অর্থায়নের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হচ্ছে না।
গোল্ডস্টাইন জানান, তিন সদস্যের ওই প্যানেলের প্রতিবেদন দেখে তারা সিদ্ধান্ত জানাবেন এবং তা এই মাসেই আসতে পারে।
২৯১ কোটি ডলারের পদ্মা সেতু প্রকল্পে বিশ্ব ব্যাংকের ১২০ কোটি ডলার ঋণ দেয়ার কথা।
