বাঁচি আর মরি ক্ষমতায় যেতেই হবে: এরশাদ
জাতীয় পার্টি চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, বাঁচি আর মরি এবার ক্ষমতায় যেতেই হবে।
বুধবার রংপুরে এক সমাবেশে তিনি বলেন, দেশের মানুষ আর অরাজকতা, নৈরাজ্য চায় না। তারা শান্তিতে থাকতে চায়, নিরাপদে পথ চলতে চায়। দেশের মানুষকে বাঁচাতে হবে। মানুষকে দুরবস্থায় দেখতে চাই না।
নগরীর টাউন হলে জাতীয় পার্টির কর্মী সমাবেশে তিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টি ক্ষমতায় থাকাকালে মানুষের নিরাপত্তা বিধান করেছিল, মানুষ শান্তিতে দিন কাটিয়েছিল বলে সাবেক এই রাষ্ট্রপতি দাবি করেন।
এরশাদ বলেন, একদল ক্ষমতায় এসে বাড়ি দখলবাজি, সন্ত্রাস আর টেন্ডারবাজি করে দেশকে কলঙ্কিত করছে। আরেক দল ক্ষমতায় থেকে বিদেশে টাকা পাচার করে দেশকে অর্থনৈতিক দুরবস্থায় ফেলেছিল।
তিনি বলেন, “দুই নেত্রী মুখে গণতন্ত্রের কথা বললেও নিজেরাই গণতন্ত্র মানেন না। আমার হাত পরিষ্কার। যে কারণে দেশের মানুষ এখন আমাকেই ক্ষমতায় চায়।”
জীবনের শেষ নির্বাচন রংপুর থেকেই করার ইচ্ছা ব্যক্ত করে এরশাদ বলেন, “আগামী সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি আসনের মধ্যে তিনটি আসনে একাই প্রতিদ্বন্দ্বিতা করব।”
এজন্য নেতাকর্মীদের ব্যাপকভাবে গণসংযোগ করার আহ্বান জানান তিনি।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও রংপুর জেলা সভাপতি মসিউর রহমান রাঙ্গার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে আরো বক্তব্য দেন, প্রেসিডিয়াম সদস্য করিম উদ্দিন ভরসা, জেলা সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী নান্টু, মহানগর সাধারণ সম্পাদক সালাহ উদ্দিন কাদেরী প্রমুখ।
