রাজশাহীতে মামলা: জামায়াত-শিবিরের ২শ’ আসামি
হরতালে পুলিশের সঙ্গে সংঘর্ষ, পুলিশের গাড়ি ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় জামায়াতে ইসলামী ও ইসলামী ছাত্র শিবিরের দুইশ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হয়েছে।
মঙ্গলবার রাতে মতিহার থানায় মামলাটি দায়ের করেন উপ-পরিদর্শক (এসআই) এনামুল হক। এতে ৪০ জনের নামোল্লেখ করা হয় বলে পুলিশ জানিয়েছে।
জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মুজিবুর রহমানের গ্রেপ্তারের প্রতিবাদে রাজশাহী বিভাগের আট জেলায় মঙ্গলবার আধাবেলা হরতালের ডাক দেয় জামায়াত।
মতিহার থানার ওসি সানাউল হক বলেন, হরতাল চলাকালে নগরীর বিনোদপুর এলাকায় ছাত্র শিবিরকর্মীদের সঙ্গে পুলিশের কয়েক দফা সংঘর্ষ হয়। শিবির কর্মীরা পুলিশের একটি গাড়িতে হামলা চালিয়ে ভাংচুর ও অগ্নিসংযোগ করে। পুলিশ ঘটনাস্থল থেকে ২৪৯ জনকে আটক করে। এদের মধ্যে ১৪ জনকে এ মামলায় গ্রেপ্তার দেখিয়ে দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সাবেক সংসদ সদস্য মজিবুর রহমানকে রোববার সন্ধ্যায় খুলনা থেকে গ্রেপ্তার করে পুলিশ।
আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রাণনাশের হুমকি দেয়ার অভিযোগে গত ৩ ডিসেম্বর করা একটি মামলায় মজিবুরকে আসামি করা হয়েছে বলে ওসি জানান।
গত ২৮ নভেম্বর রাজধানীর নয়া পল্টনে ১৮ দলীয় জোটের জনসভায় মজিবুর রহমান প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, “তত্ত্বাবধায়ক সরকারের সিঁড়ি দিয়ে আপনি ক্ষমতায় এসেছেন। এই সিঁড়ি সরিয়ে নিলে আপনি নিজেই নামতে পারবেন না। এতে আপনার জীবন অবসান পর্যন্ত হতে পারে।”
তার ওই বক্তব্যের জেরে বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে মামলা করেন। পল্টন থানার ওসিকে বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে আদালত।
মজিবুর রহমানের আগে গত কয়েক সপ্তাহে মিয়া গোলাম পরওয়ার, তাসনীম আলম, আবদুল্লাহ মোহাম্মদ তাহেরসহ বেশ কয়েকজন জামায়াত নেতাকে গ্রেপ্তার করে পুলিশ।
