পুকুরে প্রাইভেটকার, ২ বোনের মৃত্যু
কুমিল্লার দেবিদ্বার উপজেলায় পুকুরে একটি প্রাইভেটকার পুকুরে পড়ে দুই বোনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার গভীর রাতে কুমিল্লা-সিলেট সড়কে ছোটশালঘর এলাকায় এ দুর্ঘটনায় আহত হন তিন জন।
নিহত- রিনা আক্তার (৩২) ও রোজিনা আক্তার ববি (২৪) কুমিল্রার মুরাদনগর উপজেলার গকুলনগর গ্রামের আব্দুল আউয়ালের মেয়ে।
রিনা গাজীপুরের চৌরাস্তা এলাকার মইনুল হকের স্ত্রী এবং ববি কুমিল্লার বুড়িচং উপজেলার রামপুর গ্রামের প্রবাসী মোতালেব হোসেনের স্ত্রী।
নিহতদের বড় ভাই আবুল কাশেম (৩৫) বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মা হাছিনা বেগমের চিকিৎসা শেষে সবাইকে নিয়ে সিলেট থেকে একটি ভাড়া করা প্রাইভেটকারে মুরাদনগর উপজেলার গকুলনগর গ্রামের বাড়িতে ফিরছিলেন তারা।
“রাত ৩টায় পেছনের একটি চাকা ফেটে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি পাশের পুকুরে পড়ে যায়। গাড়ির চালক, আমি ও মা প্রাইভেটকারের সামনে থেকে উঠে আসতে পারলেও পিছনে থাকা দু’বোনকে বেশ কিছুক্ষণ পর উদ্ধার করে স্থানীয় লোকজন,” বলেন কাসেম।
মিরপুর হাইওয়ে পুলিশ ফাঁড়ির সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুর রাজ্জাক বলেন, রিনা ও ববিকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পুলিশ কর্মকর্তা সাংবাদিকদের বলেন, ময়নাতদন্ত ছাড়াই পরিবারের লোকজন লাশ বুঝে নিয়েছে।
