নরওয়ে পাঠানোর প্রতারণা, আটক ৪
জাহাজে নরওয়ে পাঠানোর নামে প্রতারণার অভিযোগে সিলেটে এক ভারতীয়সহ চারজনকে আটক করেছে পুলিশ।
বুধবার দুপুরে নগরীর জিন্দাবাজারের ফরিদ প্লাজার লর্ড এয়ার ইন্টারন্যাশনাল নামের একটি প্রতিষ্ঠান থেকে আটকরা হলেন খালেদ হোসাইন (৪৫), শাহিনুল হক (৪২), ওবায়দুল হক (৩২) এবং কলকাতার বেনিয়াপুকুর এলাকার সৈয়দ শাব্বির আহমদ (৪০)।
কোতোয়ালি থানার উপ-পরিদর্শক (এসআই) শাহ মোবাশ্বির আলী বলেন, গোপন সংবাদে পুলিশ জানতে পারে জাহাজে করে নরওয়েতে লোক পাঠানোর নামে মোটা অংকের টাকা হাতিয়ে নিচ্ছে লর্ড এয়ার ইন্টারন্যাশনাল। ঢাকার বনশ্রী এলাকার সাউ ক্রুজ নামের একটি প্রতিষ্ঠানের স্থানীয় এজেন্ট হিসেবে কাজ করছে এই প্রতিষ্ঠানটি।
অভিযান চলাকালে তারা পুলিশকে কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি।
তিনি আরো বলেন, পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যান সাউ ক্রুজ কোম্পানির মালিক মুকুল। আটকদের বিরুদ্ধে মামলা দয়েরের প্রস্তুতি চলছে।
