২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গণপিটুনিতে নিহত ৫ ‘ডাকাত’, গুলিতে ছাত্রের মৃত্যু

কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলায় গভীর রাতে ডাকাতির পর গণপিটুনিতে পাঁচজন এবং ‘ডাকাতের’ গুলিতে নিহত এক মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jan 2013, 07:05 AM

Updated : 23 Aug 2022, 10:03 AM

মঙ্গলবার রাত ২টার দিকে লক্ষণপুর ইউনিয়নের বাতাবাড়ীয়া ও কেয়ারি গ্রামে এ ঘটনা ঘটে। এ সময় আরো অন্তত দুই গ্রামবাসী গুলিবিদ্ধ হন বলে জানায় পুলিশ।

নিহত মাদ্রাসা ছাত্র আরিফ (১৪) পাঁচরুই গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। ডাকাত সন্দেহে পিটুনিতে নিহতদের পরিচয় জানা যায়নি।

এছাড়া স্থানীয় বাসিন্দা দেলোয়ার (৪০) ও আরমানকে (৩৮) গুলিবিদ্ধ অবস্থায় স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মনোহরগঞ্জ থানার ওসি জহিরুল আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান,  গভীর রাতে উপজেলার ভাউপুর গ্রামে একদল ডাকাত উপজেলা ছাত্রলীগের সহ-সভাপতি আব্দুল মালেক মানিকের বাড়িতে হানা দিয়ে তাকে মানিককে কুপিয়ে আহত করে।

এ সময় ওই বাড়ির লোকজন চিৎকার শুরু করলে প্রতিবেশীরা বেরিয়ে আসেন। পরে গ্রামের মসজিদের মাইকে ঘোষণা দিয়ে সাহায্য চাওয়া হলে এলাকাবাসী মানিকের বাড়ি ঘিরে ফেলে।

“এরপর ডাকাতরা গ্রামবাসীকে লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি করতে করতে পালানোর চেষ্টা করে। এ সময় গুলিতে নিহত হয় মাদ্রাসা ছাত্র আরিফ।”

এক পর্যায়ে গ্রামের লোকজন একত্রিত হয়ে ডাকাত দলকে ধাওয়া করে পাশের বাতাবাড়ীয়া গ্রামে আটক করে পিটুনি দেয়। এতে ঘটনাস্থলেই ৩ জনের মৃত্যু হয়।

পরে পাশের কেয়ারী গ্রামের লোকজন ডাকাত দলের সদস্য ভেবে আরো দুই জনকে গণপিটুনি দিলে তারাও ঘটনাস্থলেই মারা যান বলে এলাকাবাসী পুলিশকে জানায়।

ওসি  জানান, পুলিশের হাতে এখন পর্যন্ত ওই মাদ্রাসাছাত্রসহ চারজনের লাশ পৌঁছেছে। আরেকটি লাশ থানায় অনার প্রক্রিয়া চলছে।

লাশগুলো ময়না তদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হবে বলে ওসি জানান।