৩ ছিনতাইকারীকে পুলিশে দিল গ্রামবাসী
ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলায় অস্ত্র ও গুলিসহ তিন ছিনতাইকারীকে আটক করে পুলিশে দিয়েছে গ্রামবাসী।
মঙ্গলবার বিকালে উপজেলার দখলপুর গ্রাম থেকে রকি, সবুজ ও লাল্টুকে আটক করে পুলিশ। তারা সবাই ঝিনাইদহ সদর উপজেলার বাসিন্দা।
হরিণাকুন্ডু থানার ওসি মো. রেজাউল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সরোজগঞ্জ বাজারের আসাদুল স্টোরের ব্যবস্থাপক আতিয়ার রহমান নসিমন যোগে হরিণাকুন্ডু ফিরছিলেন। এ সময় তিন ছিনতাইকারী মটর সাইকেল যোগে তার পিছু নেয়।
৫টার দিকে দখলপুর পৌঁছালে ছিনতাইকারীরা অস্ত্রের মুখে তার কাছে থাকা একটি টাকার ব্যাগ ছিনতাই করে পালানোর সময় লোকজন তাদের ধরে ফেলে।
খবর পেয়ে পুলিশ পৌঁছে ওই ছিনতাইকারীদের কাছ থেকে একটি ওয়ান শুটার গান, পাঁচ রাউন্ড গুলি ও ছিনাইতাইয়ের ৯৩ হাজার একশ’ টাকা উদ্ধার করে।
এ ঘটনায় হরিণাকুন্ডু থানায় মামলা হয়েছে বলেও জানান ওসি।
