চেক জালিয়াতি: সোনালী ব্যাংক কর্মকর্তা আটক
কারসাজি করে গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে গাইবান্ধার সাদুল্লাপুরে সোনালী ব্যাংকের এক কর্মকর্তাকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার জেলার অতিরিক্ত বিচারিক হাকিমের আদালতে জামিন আবেদন করলে বিচারক তা নাচক করে সিবিএ নেতা জিল্লুর রহমানকে আটকের আদেশ দেয়।
ব্যবস্থাপক সাইদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জিল্লুর কৌশলে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীদের বেতনের মূল হিসাব (যে হিসাব নম্বর থেকে সকল বেসরকারি শিক্ষক-কর্মচারিদের সরকারি বেতন দেয়া হয়) থেকে ১৩ লাখ ৯৫ হাজার টাকা টাকা তিন শিক্ষকের ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা করেন।
পরে তাদের কাছ থেকে ফাঁকা চেক নিয়ে ওই টাকা হাতিয়ে নেন।
জিজ্ঞাসাবাদে টাকা আত্মসাতের কথা স্বীকার করে তা ব্যাংকে ফেরত দেয়ার কথা জানিয়েছে জিল্লুর।
এ ঘটনায় ১৯ সেপ্টেম্বর তাকে সাময়িক বরখাস্ত করা হয়।
সাইদুর আরো বলেন, পরবর্তীত তদন্তে আরো ৪২ লাখ ৬৯ হাজার ৯১০ টাকা জালিয়াতির ঘটনা উদঘাটন করা হয়। জিল্লুর সর্বমোট ৫৬ লাখ ৬৪ হাজার ৯১০ টাকা আত্মসাত করেছেন।
এসব ঘটনায় ব্যাংক কর্তৃপক্ষ ও তিন জন গ্রাহক তার বিরুদ্ধে চারটি মামলা করেছে।
মামলায় বাদী পক্ষের আইনজীবী তাসমিম বেগম মিলা মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জাতিয়াতির ঘটনায় গত সেপ্টেম্বরে আদালতে মামলা করা হয়। জিল্লুর রহমান ওই মামলায় জামিন আবেদন করলে বিচারক মেহেদী হাসান তা নাচক করে আটকের আদেশ দেন।
