ভোলায় ট্রলারে দস্যুদের গুলি, ২ জেলে আহত
ভোলার তজুমদ্দিন সংলগ্ন মেঘনায় মাছ ধরার ট্রলারে জলদস্যুদের গুলিতে দুই জেলে আহত হয়েছেন। এছাড়া প্রাণ বাঁচাতে নদীতে ঝাপিয়ে পড়ার পর আরো দুজন নিখোঁজ আছেন বলে জানা গেছে।
সোমবার গভীর রাতে গুলিবিদ্ধ আরিফ (২২) ও রাকিবকে (১২) তজুমদ্দিন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। নিখোঁজ দুই জেলে হরচ্ছন হারুন (২৫) ও নুরুন্নবী (২২)।
তজুমদ্দিন থানার এসআই আবুল বাশার মঙ্গলবার বিকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার রাতের ওই ঘটনায় থানায় একটি ডাকাতি মামলা দায়ের করা হয়েছে।
জেলেদের বরাত দিয়ে স্থানীয় মাছ ব্যবসায়ী রফিক সাদী বলেন, জেলেরা তজুমদ্দিন উপজেলা সংলগ্ন মেঘনার মহেশখালী এলাকায় মাছ ধরছিলো। এ সময় ট্রলারে করে আসা ৮/১০ জনের একটি সশস্ত্র দস্যুদল জেলেদের ঘিরে ফেলে।জেলেরা প্রতিহত করতে চাইলে দস্যুরা তাদের লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি চালায়।
