শিক্ষক আটকে মুক্তিপণ আদায়, ৫ ছাত্র রিমান্ডে
গাইবান্ধার এক কলেজ শিক্ষককে আটকে রেখে তার পরিবারের কাছ থেকে মুক্তিপণ আদায়ের অভিযোগে গ্রেপ্তার পাঁচ ছাত্রকে জিজ্ঞাসাবাদের জন্য তিন দিনের পুলিশ হেফাজতে নেয়ার অনুমতি দিয়েছে আদালত।
মঙ্গলবার বিকেলে ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী সহিদুল ইসলাম এই আদেশ দেন।দুপুরে তাদেরকে আদালতে হাজির করা হয়।
অভিযুক্তরা হলেন- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র জাবির হোসেন (২২), ইতিহাস বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শফিক (২২) ও আনিসুজ্জামান সিদ্দিকী (২২), দর্শন বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র শাহেদ শাহ (২৪) এবং ঢাকা কলেজের ইসলামের ইতিহাস বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র রুবেল ইসলাম (২৩)।
সোমবার বিকেলে সাভারে করতোয়া কুরিয়ার সার্ভিস অফিস থেকে মুক্তিপণের টাকা থেকে তুলতে গেলে তাদের গ্রেপ্তার করা হয়
রিমান্ডের এ আবেদন করেন সাভার থানার উপ-পরিদর্শক সাজ্জাদ রোমন।
র্যাব-৪ সাভার ক্যাম্প কমান্ডার ক্যাপ্টেন তাহসিন সালেহীন রানা এর আগে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১১ জানুয়ারি গাইবান্ধা জেলার সুন্দরগঞ্জ থানার আলহাজ্ব সেলিমা রহমান কারিগরী মহাবিদ্যালয়ের প্রভাষক মো. আহসান হাবিব জরুরি কাজে ঢাকা আসেন।
খবর পেয়ে তার পূর্ব পরিচিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের চতৃর্থ বর্ষের ছাত্র ও ছাত্র ইউনিয়নের বিশ্ববিদ্যালয় শাখার সাধারণ সম্পাদক জাবির হোসেন তাকে ফুসলিয়ে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে নিয়ে যান। সেখানে আলবেরুনী হলের দ্বিতীয় তলার একটি কক্ষে আটকে রেখে তার স্ত্রীর কাছে মোবাইলে ফোন করে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন জাবির।
এই টাকা সাভার করতোয়া কুরিয়ার সার্ভিসের মাধ্যমে পাঠাতে বলেন তারা।
এরইমধ্যে ওই প্রভাষকের পরিবারের পক্ষ থেকে বিষয়টি সাভারে র্যাব-৪ ক্যাম্প কমান্ডারকে জানানো হয়।
পরে সোমবার বিকেল ৫টার দিকে কুরিয়ার সার্ভিসের অফিস থেকে টাকা তুলতে গেলে র্যাব সদস্যরা ওই পাঁচজনকে আটক করে। এরপর ওই শিক্ষককে উদ্ধার করা হয়।
অবশ্য র্যাবকে জাবির হোসেন জানান, প্রভাষক হাবিবের কাছে পাওনা টাকা আদায় করতে তাকে আটক করে রাখা হয়েছিল।
আদালতে অভিযুক্তদের পক্ষে রিমান্ড আবেদন বাতিল করে জামিন চান অ্যাডভোকেট এ এফ এম রেজাউল করিম হিরণ ও ফজলুল হক বাবু।
তারা শুনানিতে বলেন, প্রভাষক মো. আহসান হাবিব শিক্ষা মন্ত্রনালয়ের একজন দালাল। অভিযুক্ত জাবির হোসেনের এক পরিচিতাকে শিক্ষিকা হিসাবে এমপিওভূক্ত করিয়ে দেয়ার নাম করে তিনি ৮৭ হাজার টাকা নেন। কিন্তু হাবিব ওই কাজটিও করেননি, টাকাও ফেরত দেননি।
পরে তিনি ‘মুক্তিপণের এই নাটক’ সাজান বলে শুনানিতে আইনজীবীরা দাবি করেন।
