২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত রোববার

জ্বালানি তেলের দাম বাড়ানোর পর দূরপাল্লার ও আন্তঃজেলা বাসের ভাড়া বাড়ানোর বিষয়ে বৈঠক সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়েছে।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 02:17 PM

Updated : 25 Apr 2022, 06:16 PM

এবিষয়ে আসা প্রস্তাবগুলো নিয়ে আরো পর্যালোচনা করে রোববার চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হবে বলে মঙ্গলবার সাংবাদিকদের জানিয়েছেন যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের।

যোগাযোগ মন্ত্রণালয়ে এই দিনের বৈঠকে দূরপাল্লার ও আন্তঃজেলা বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ২৩ পয়সা বাড়ানোর সুপারিশ করে ভাড়া বৃদ্ধি সংক্রান্ত কস্টিং কমিটি।

তবে যোগাযোগ সচিব এমএএন ছিদ্দিক এ প্রস্তাবে আপত্তি জানিয়ে বলেন,ডিজেলের মূল্যবৃদ্ধির পরিপ্রেক্ষিতে ভাড়া প্রতি কিলোমিটারে ৭ পয়সা পর্যন্ত বাড়তে পারে।

তবে পরিবহন মালিক সমিতির নেতারা এই ভাড়া এক টাকা ৫৫ পয়সা করার প্রস্তাব দেন।

কস্টিং কমিটি ও বিআরটিএ চেয়ারম্যান আইয়ূবুর রহমান খান বলেন, সবদিক বিবেচনা করেই প্রতি কিলোমিটার ভাড়া এক টাকা ৫৮ পয়সা হিসাব করা হয়েছে।

ভাড়া প্রস্তাব করার ক্ষেত্রে ইন্সুরেন্স, শ্রমিক ব্যয়, টোল চার্জ, জ্বালানি খরচ, কর্মদিবস, যানবাহন ও যন্ত্রাংশের মূল্যসহ ২৪টি দিক বিবেচনা করা হয়।

পরিবহন মালিক, শ্রমিক নেতা ও সরকার পক্ষের মধ্যে প্রায় দেড় ঘণ্টা আলোচনার পর যোগাযোগমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, এবিষয়ে আরো বিশ্লেষণ করা দরকার। আগামী রোববার এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হবে।

বিষয়টিকে স্পর্শকাতর আখ্যা দিয়ে মন্ত্রী বলেন, “এ মেয়াদে সরকারের শেষ বছর চলছে। জনগণের স্বার্থের কথা আগে বিবেচনা করতে হবে।”

বাংলাদেশ সড়ক পরিবহণ সমিতির মহাসচিব খন্দকার এনায়েত উল্লাহ খান বলেন, যতটুকু ভাড়া বৃদ্ধি করলে এখাত টিকে থাকবে ততটুকুই করা উচিৎ।

সভায় সোহাগ পরিবহণের ব্যবস্থাপনা পরিচালক ফারুক তালুকদার, বাস-ট্রাক মালিক সমিতির সভাপতি আলী কবির চাঁন ও পরিবহণ শ্রমিক নেতা ওসমান আলী বক্তব্য রাখেন।

সরকার গত ৩ জানুয়ারি পেট্রোল ও অকটেন লিটারে ৫ টাকা করে এবং ডিজেল ও কেরোসিন লিটারে ৭ টাকা করে ভাড়া বৃদ্ধি করে।

নতুন দর অনুযায়ী, ডিজেল ৬৮ টাকা, কেরোসিন ৬৮ টাকা, অকটেন ৯৯ টাকা এবং পেট্রোল ৯৬ টাকায় বিক্রি হচ্ছে।

এদিকে তেলের দাম বৃদ্ধির পর পণপরিবহনের নতুন ভাড়ার বিষয়ে সিদ্ধান্ত না হলেও রাজধানীতে বাসযাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া যায়।

সর্বশেষ ২০১২ সালের ১ জানুয়ারি দূরপাল্লার (আন্তঃজেলা) বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১৫ পয়সা করে বাড়ানো হয়। সেই হিসাবে এখন প্রতি কিলোমিটারে বাসের সরকার নির্ধারিত ভাড়া হলো ১ টাকা ৩৫ পয়সা।

আর শহর এলাকায় চলাচলকারী বাস, অটোরিকশা ও ট্যাক্সির মতো গণপরিবহনের ভাড়া বৃদ্ধির সর্বশেষ ঘোষণা আসে ২০১১ সালের ২০ সেপ্টেম্বর।

সে সময় বাস ও মিনিবাসের ভাড়া কিলোমিটারপ্রতি পাঁচ পয়সা বাড়িয়ে এক টাকা ৬০ পয়সা ও এক টাকা ৫০ পয়সা নির্ধারণ করা। আর বাসে সর্বনিম্ন ভাড়া নির্ধারণ করা হয় সাত টাকা, মিনিবাসে পাঁচ টাকা।

একই সময়ে সিএনজিচালিত অটোরিকশায় প্রথম দুই কিলোমিটারের পর থেকে কিলোমিটার প্রতি ভাড়া ১৪ পয়সা বাড়িয়ে সাত টাকা ৬৪ পয়সা করা হয়। আর বিরতিকালের ভাড়া বাড়িয়ে করা হয় প্রতি মিনিটে এক টাকা ৪০ পয়সা।