বুধবার ঠাকুরগাঁওয়ে সকাল-সন্ধ্যা হরতাল
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মুক্তির দাবিতে বুধবার ঠাকুরগাঁওয়ে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা যুবদল ও ছাত্রদল।
মঙ্গলবার বিকালে বিএনপির জেলা কারর্যলয়ে বৈঠক শেষে হরতালের ঘোষণা দেন জেলা যুবদলের আহ্বায়ক মাহেবুল্লাহ আবু নুর চৌধুরী।
১৮ দলের রাজপথ অবরোধের সময় গাড়ি ভাংচুরের ঘটনায় ঢাকায় যে ৩৮টি মামলা হয়েছিল, তার প্রায় সবকটিতে আসামি করা হয়েছে মির্জা ফখরুলকে।
গত ২ জানুয়ারি হাইকোর্ট তাকে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দিলেও পরদিন তাকে মতিঝিল ও সূত্রাপুর থানার মামলায় গ্রেপ্তার দেখানো হয়।
মঙ্গলবার সূত্রাপুর থানার মামলায় ফখরুল জামিন পেলেও হাতবোমা বিস্ফোরণের ঘটনায় মতিঝিল থানার মামলায় জামিন আবেদন খারিজ করে আদালত।
ওই দিন বিকালে হরতালের সমর্থনে ঠাকুরগাঁওয়ে বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা তার মু্ক্তির দাবিতে শহরে বিক্ষোভ মিছিল করে।
পরে জেলা কার্যালয়ের সামনে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন, জেলা বিএনপি’র সাধারণ সম্পাদক তৈয়মুর রহমান, যুবদল আহ্বায়ক ও কেন্দ্রীয় নেতা মাহেবুল্লাহ আবু নুর চৌধুরী, মাহাবুব হোসেন তুহিনসহ ছাত্রদল ও অঙ্গ সংগঠনের নেতারা।
