২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দল নিবন্ধনে আবেদনের সময় বাড়লো

রাজনৈতিক দলের নিবন্ধনে আবেদনের জন্য আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত সময় বাড়িয়েছে নির্বাচন কমিশন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jan 2013, 01:50 PM

Updated : 23 Aug 2022, 10:03 AM

কয়েকটি দলের আবেদনের পর মঙ্গলবার কমিশনের সভায় সময়সীমা বাড়ানোর সিদ্ধান্তে অনুমোদন দেয়া হয় বলে জানান নিবন্ধন বাছাই কমিটির সদস্য সচিব ও ইসির জ্যেষ্ঠ সহকারি সচিব মেছবাহ উদ্দিন আহমদ।

সভায় অনুমোদনের পর এবিষয়ে নির্বাচন কমিশন সচিব মোহাম্মদ সাদিক আবার গণবিজ্ঞপ্তি দেয়ার নির্দেশ দেন।

মেছবাহ উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আবেদনের সময় এক সময় বাড়লো। আগ্রহীরা নিবন্ধন পেতে শর্ত মেনে ৩১ জানুয়ারি পর্যন্ত আবেদন করতে পারবে।”

এর আগে গত অক্টোবরে দশম সংসদ নির্বাচনকে সামনে রেখে দল নিবন্ধনের আবেদনের সময়সীমা ৩১ ডিসেম্বর পর্যন্ত বেঁধে দিয়ে গণবিজ্ঞপ্তি জারি করে নির্বাচন কমিশন।

এসময়ের মধ্যে ৩১টি দল নিবন্ধনের শর্ত মেনে কমিশনে আবেদন করে।

গত ২৬ ডিসেম্বর কমিশনের ওই গণবিজ্ঞপ্তির ওপর স্থগিতাদেশ চেয়ে কয়েকটি দল রিট আবেদন করে। এর পর রাজনৈতিক দলের নিবন্ধনে গণপ্রতিনিধিত্ব আদেশের সংশোধনী কেন সংবিধানবহির্ভূত ও অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে হাই কোর্ট।

কমিশনের কর্মকর্তারা জানান, গণবিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিটের বিরুদ্ধে আইনি লড়াই চালানোরও প্রস্তুতি নিচ্ছে ইসি সচিবালয়।

এর আগে ২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের নিবন্ধনের উদ্যোগ নেয়া হয়। সে সময় ১১৭টি দল আবেদন করে। তার মধ্যে ৩৯টি দল নিবন্ধন পায়। পরে ফ্রিডম পার্টির নিবন্ধন বাতিল করা হয়।

সংসদ নির্বাচনে অংশ নিতে নির্বাচন কমিশনে দল নিবন্ধনের বাধ্যবাধকতা রয়েছে। এ বছরের ২৫ অক্টোবর থেকে আগামী বছরের ২৪ জানুয়ারির মধ্যে দশম সংসদ নির্বাচন অনুষ্ঠানের কথা রয়েছে।