ক্ষমতার সঙ্গী হিসেবে জাপা থাকবে না: এরশাদ
জাতীয় পার্টি কোনো জোটে থাকবে না জানিয়ে দলটির চেয়ারম্যান এইচ এম এরশাদ বলেছেন, কারো ক্ষমতায় যাওয়ার সঙ্গী হিসেবে জাতীয় পার্টিকে ব্যবহার করা যাবে না।
তার মতে, আওয়ামী লীগ ও বিএনপি’র মধ্যে কোনো দলই আগামীতে ক্ষমতায় যেতে পারবে না। এই দুই দলের কাছ থেকে মানুষ মুখ ফিরিয়ে নিয়েছে।
মঙ্গলবার বিকেলে কাউনিয়া উপজেলার কাউনিয়া বালিকা উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এরশাদ বলেন, “দেশের মানুষ দুই দলের শাসন, শোষণ আর দুর্নীতি দেখেছে। সুখের আশায় ভোট নিয়ে দুঃখের নহরে ভাসছে। আগামী নির্বাচনে ক্ষমতায় আসবে জাতীয় পার্টি। কারণ জাতীয় পার্টি আর কোনো জোটে যাবে না। কারো ক্ষমতায় যাওয়ার সঙ্গী হবে না।”
উপজেলা জাতীয় পার্টির সভাপতি আজিজুল ইসলাম মাষ্টারের সভাপতিত্বে জনসভায় তিনি বলেন, পত্র-পত্রিকার জরিপ দিয়ে জনমত যাছাই হয় না। জনমত যাছাই করতে হলে নির্বাচনে অংশ নিতে হবে।
প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে এরশাদ বলেন, তিনি রংপুরের পুত্রবধূ বলে দাবি করেন। কিন্তু গত চার বছরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাড়া কোনো কাজ করেননি। প্রতিশ্র“তি দিয়েছিলেন অনেক। রংপুরের উন্নয়নের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছিলেন।
আগামী নির্বাচনে রংপুরের পাঁচটি আসনেই জাতীয় পার্টি প্রার্থী দেবে বলেও ঘোষণা দেন এরশাদ।
নবম সংসদ নির্বাচনে রংপুরের ছয়টি আসনের তিনটিতে জাতীয় পার্টি, তিনটিতে আওয়ামী লীগ প্রার্থী নির্বাচিত হন। রংপুর-৬ (পীরগঞ্জ) আসনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচিত হন।
দশম সংসদ নির্বাচনে ওই আসনে প্রার্থী দিবেন বলে ঘোষণা দেন এরশাদ।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য রংপুর জেলা সভাপতি মশিউর রহমান রাঙ্গা, প্রেসিডিয়াম সদস্য করিম উদ্দিন ভরসা, রংপুর জেলা জাপার সাধারণ সম্পাদক আবুল মাসুদ চৌধুরী নান্টু, মহানগর জাপার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সালাহ উদ্দিন কাদেরী প্রমুখ জনসভায় বক্তব্য দেন।
এর আগে সকালে তিনি নগরীর মাহিগঞ্জ ডিগ্রি কলেজ ব্যবস্থাপনা কমিটির সভায় সভাপতিত্ব করেন।
