নারী-শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে মানববন্ধন
নারী ও শিশুর প্রতি সহিংসতা বন্ধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন ও সমাবেশ করেছে একটি বেসরকারি উন্নয়ন সংস্থা।
মানববন্ধন থেকে নারী-শিশুর প্রতি সহিংসতা প্রতিরোধে ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানায় বাংলাদেশ নারী প্রগতি সংঘ।
মঙ্গলবার সকালে চট্টগ্রাম প্রেসক্লাব চত্বরে বান্দরবানের কাউখালি, টাঙ্গাইলের মধুপুর, সাভার এবং ঢাকার মিরপুরে নারী ও শিশু ধর্ষণের প্রতিবাদে এবং নির্যাতনকারীদের শাস্তির দাবিতে এ কর্মসূচি পালন করা হয়।
পরে এক সমাবেশে বক্তারা বলেন, নারী ও কন্যাশিশুর প্রতি কর্মক্ষেত্রসহ দেশের বিভিন্ন স্থানে সহিংস ও বর্বর ঘটনা বারবার ঘটে চলেছে। এসব ঘটনায় জড়িতদের বিরুদ্ধে কার্যকর কোন ব্যবস্থা নেয়া হচ্ছে না বলে অভিযোগ করেন তারা।
“নারী ও শিশুদের সুরক্ষায় দেশে আইন থাকলেও অবহেলায় অনেক ক্ষেত্রে তা যথাযথভাবে প্রয়োগ হচ্ছে না।”
নারীর প্রতি সহিংসতা বন্ধে নারী ও কন্যা শিশুর সুরক্ষায় বিশেষ পুলিশ সেল গঠন, ধর্ষক ও হত্যাকারীদের দ্রুত বিচার আইনে শাস্তি দেয়ার দাবি জানানো হয় মানববন্ধনে।
মানববন্ধন ও সমাবেশে সংগঠনের ব্যবস্থাপক, চট্টগ্রাম শাখার ফেরদৌস আহম্মদের সভাপতিত্বে ও সমন্বয়কারী শরীফ চৌহানের সঞ্চালনায় বক্তব্য রাখেন পেশাজীবী সমন্বয় পরিষদ চট্টগ্রাম জেলা শাখার সভাপতি ডা. একিউএম সিরাজুল ইসলাম, ওয়ার্ড কাউন্সিলর গিয়াস উদ্দিন, নুর নাহার বেগম, রতন চক্রবর্তী, ফরহাদুল আলম হীরা, উন্নয়ন কর্মকর্তা সঞ্জীব নাহা, এরশাদুল করিম, শরিফুল ইসলাম, নিতু বড়–য়া, ইয়াসমিন বেগম, তৌহিদুল ইসলাম প্রমুখ।
