নাটোরে স্কুলছাত্র খুন
নাটোর সদর উপজেলা থেকে এক স্কুলছাত্রের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার সকালে উপজেলার বলধখালি গ্রামের একটি বীজতলা থেকে লাশটি উদ্ধার করা হয়।
নিহত বিদ্যুৎ কর্মকার (১৫) উপজেলার গোয়ালদিঘি গ্রামের চৈতন্য কর্মকারের ছেলে। সে স্থানীয় গাংগইল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণিতে পড়তো।
পরিবারের বরাত দিয়ে সদর থানার ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, সোমবার বন্ধুদের সঙ্গে বেড়াতে যায় বিদ্যুৎ। রাত ৮টার দিকে এক বন্ধুর মোবাইল থেকে ফোন করে বাড়ি ফিরে আসছে বলে জানায়। কিন্তু রাতে সে আর ফেরেনি।
মঙ্গলবার সকালে বলধখালি গ্রামের একটি ইটভাটার পাশে ধানের বীজতলায় বিদ্যুতের লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠায়।
নিহতের বাবা চৈতন্য কর্মকার অভিযোগ করেন, বন্ধুরাই তার ছেলেকে পিটিয়ে হত্যা করেছে।
