ট্রেনে কাটা পড়ে ঢাবি ছাত্রসহ ২ জনের মৃত্যু
রাজধানীতে ট্রেনে কাটা পড়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রসহ দুই জনের মৃত্যু হয়েছে।
সোমবার রাতে কারওয়ান বাজার ও মগবাজার রেলক্রসিংয়ে পৃথক ঘটনায় ট্রেনে কাটা পড়ে তাদের মৃত্যু হয়।
নিহতদের একজন মাহমুদুল হাসান তারিক (২৫) ঢাকা বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ছাত্র।
অন্য জনের পরিচয় জানা যায়নি। সে জিনস প্যান্ট পরিহিত ছিল।
নিউ এজ পত্রিকার ডেপুটি চিফ রিপোর্টার খাদেমুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দর্শনের ছাত্র তারিক চলতি মাসের প্রথম সপ্তাহে নিউ এজে কাজের জন্য আসেন।
“তিনি প্রতিবেদক হিসেবে কাজ করতে পারবেন কি না তা আমরা পর্যবেক্ষণ করছিলাম।”
কমলাপুর রেলওয়ে থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই)সিরাজুল ইসলাম জানান, রাত সাড়ে ১১টার দিকে কারওয়ান বাজারের এফডিসি এলাকায় কমলাপুরগামী একটি ট্রেনে কাটা পড়ে তারিক মারা যান।
তিনি জানান, রাত ৯টার দিকে মাগবাজার রেলক্রসিং এলাকায় অন্য দুর্ঘটনাটি ঘটে। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি।
দু’টি মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
এদিকে, সোমবার রাত ৮টার দিকে পল্লবীর একটি খাল থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। তার পা রশি দিয়ে বাঁধা ছিল।
পল্লবী থানার ওসি আবদুল লতিফ জানান, নিহতের পরিচয় জানা যায়নি। বয়স আনুমানিক ৩৫ বছর।
ওসি বলেন, তাকে খুন করে খালে ফেলে রাখা হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
