‘বেয়নেট দিয়ে মৃত্যু নিশ্চিত করা হয় দুই নেতার’
কারাগারে গুলি করার পরেও জাতীয় চার নেতার দুইজন বেঁচে ছিলেন, যাদের পরে বেয়নেট দিয়ে খুঁচিয়ে মৃত্যু নিশ্চিত করা হয় বলে জানিয়েছেন মামলার প্রধান আইনজীবী আনিসুল হক।
আনিসুল হক বাদীপক্ষের ৬৪ জন সাক্ষীর মধ্যে সাত জনের জবানবন্দি উপস্থাপন করার পর প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে আপিল বিভাগের পূর্নাঙ্গ বেঞ্চ শুনানি আগামী ২২ জানুয়ারি পর্যন্ত মুলতবি করে।
এই মামলায় আদালত নিয়োজিত আসামীপক্ষের আইনজীবী ব্যারিস্টার আব্দুল্লাহ আল মামুন এ সময় আদালতে উপস্থিত ছিলেন।
মামলার এজাহার ও একজনের জবানবন্দি তুলে ধরে আনিসুল হক বলেন, “ওইদিন চার সেনা কর্মকর্তা সশস্ত্র অবস্থায় জেলখানায় আসেন। বঙ্গভবন থেকে টেলিফোন করে তারা যা চায় তা করতে দিতে বলা হয়।”
তিনি বলেন, এই মামলার দুটি দিক আছে। একটি হচ্ছে, অপরাধ সংগঠন, অন্যটি ষড়যন্ত্র। সশস্ত্র সেনা কর্মকর্তারা কারাগারে এসে চার নেতাকে গুলি করে। পরে অপর একটি দল এসে বেয়নেট দিয়ে খুঁচিয়ে তাদের মৃত্যু নিশ্চিত করে।
“বঙ্গবভবনে ষড়যন্ত্রের বৈঠক থেকে এই দুই দল সেনা কর্মকর্তাকে পাঠানো হয়। তাই এ দিকটিও বিবেচনায় রাখতে হবে। কারা সেখানে যাবে, সেটা চূড়ান্ত হয় বঙ্গভবনের বৈঠকে।”
আনিসুল হক বলেন, “ওই ঘটনার আগে মেজর গালিব এসে আওয়ামী লীগ নেতারা কোথায় আছে তা দেখে যায়। পরে মেজর ফারুক বঙ্গভবন থেকে ফোন করে আবার জানতে চায়- তাদের কোথায় রাখা হয়েছে।”
আপিল বিভাগ বিরতিতে যাওয়ার আগে অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম ও আনিসুল হক প্রায় এক ঘণ্টা বক্তব্য উপস্থাপন করেন।
পরে ব্যরিস্টার আব্দুল্লাহ আল মামুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জেল হত্যা মামলা ইতিহাসের একটি নৃশংসতম হত্যাকাণ্ড। এদিন জাতীয় চার নেতাকে নৃশংসভাবে হত্যা করা হয়।
তবে এই মামলায় যাদের আসামি করা হয়েছে তারা নিজেদের নির্দোষ দাবি করে বলেছেন, ওই ঘটনার সঙ্গে তারা জড়িত নয়। তৃতীয় কোনো পক্ষ এতে জড়িত থাকতে পারে।
“আমি এই মামলায় হাই কোর্টে দুই জনের পক্ষে ছিলাম। তারা রিলিফ পেয়েছেন। এখন আপিল বিভাগের আদেশে পলাতক আসামিদের পক্ষে মামলা পরিচালনা করছি।”
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যার পর ১৯৭৫ সালের ৩ নভেম্বর মুক্তিযুদ্ধে নেতৃত্বদানকারী চার নেতা সৈয়দ নজরুল ইসলাম, তাজউদ্দিন আহমেদ, এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানকে ঢাকা কেন্দ্রীয় কারাগারে হত্যা করা হয়।
ওই ঘটনায় মামলা দায়েরের ২৩ বছর পর ১৯৯৮ সালের ১৫ অক্টোবর ২৩ জনের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়া হয়।
২০০৪ সালের ২০ অক্টোবর ঢাকা মহানগর দায়রা জজ মো. মতিউর রহমান এই মামলার রায় দেন। তাতে রিসালদার মোসলেম উদ্দিন (পলাতক), দফাদার মারফত আলী শাহ (পলাতক) ও এলডি (দফাদার) আবুল হাসেম মৃধাকে (পলাতক) মৃত্যুদণ্ড দেয়া হয়।
যাবজ্জীবন কারাদণ্ড হয় বঙ্গবন্ধু হত্যা মামলায় মৃত্যুদণ্ডে দণ্ডিত সৈয়দ ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ খান, বজলুল হুদা, একেএম মহিউদ্দিন আহমেদসহ ১২ জনের। খালাস পান বিএনপি নেতা কেএম ওবায়দুর রহমান, শাহ মোয়াজ্জেম হোসেন, নুরুল ইসলাম মঞ্জুর ও তাহেরউদ্দিন ঠাকুর।
ওই রায়ের বিরুদ্ধে আপিল হলে হাই কোর্ট ২০০৮ সালে মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি দফাদার মারফত আলী শাহ ও আবুল হাশেম মৃধাকে অব্যাহতি দেয়। তবে মোসলেমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়।
যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত ফারুক, শাহরিয়ার রশিদ, বজলুল হুদা ও একেএম মহিউদ্দিন আহমেদকেও খালাস দেয় হাই কোর্ট।
হাই কোর্টের রায়ের মাধ্যমে ৮ সেনা কমকর্তার সাজা বহাল রয়ে যায়। এরা হলেন- খন্দকার আবদুর রশিদ, শরিফুল হক ডালিম, এমএইচএম বি নূর চৌধুরী, এএম রাশেদ চৌধুরী, আহমদ শরিফুল হোসেন, আবদুল মাজেদ, মো. কিসমত হোসেন ও নাজমুল হোসেন আনসর।
অবশ্য বঙ্গবন্ধু হত্যা মামলায় ফারুক রহমান, সুলতান শাহরিয়ার রশিদ, বজলুল হুদা ও একেএম মহিউদ্দিনের ফাঁসি কার্যকর হওয়ায় তাদের বিরুদ্ধে আপিলের আবেদন কার্যকর হবে না বলে আদালতের আদেশে বলা হয়।
এরপর বিচার সঠিকভাবে হয়নি অভিযোগ করে চার নেতার পরিবারের সদস্যরা রায় পুনর্বিচারের দাবি জানান। সরকারের কয়েকজন মন্ত্রীও পুনর্বিচারের কথা বলেন। তবে বিচারকাজ বিলম্বিত হওয়ার আশঙ্কায় ওই অবস্থান থেকে সরে আসে সরকার।
বর্তমান মহাজোট সরকার ক্ষমতায় আসার পর ২০০৯ সালের ১৪ সেপ্টেম্বর হাইকোর্টের ওই রায়ের বিরুদ্ধে আপিলের আবেদন (লিভ টু আপিল) করা হয়।
২০১১ সালের ১১ জানুয়ারি তৎকালীন প্রধান বিচারপতি এবিএম খায়রুল হকের নেতৃত্বে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চ হাই কোর্টের রায়ের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের আপিল আবেদন মঞ্জুর করে।
আদেশে নিম্ন আদালতে মৃত্যুদণ্ডে দণ্ডিত তবে হাই কোর্টের রায়ে খালাস পাওয়া দফাদার মারফত আলী শাহ ও এল ডি (দফাদার) আবুল হাসেম মৃধাকে অবিলম্বে আত্মসমর্পণের নির্দেশ দেয়া হয়। আত্মসমর্পণ না করলে তাদের গ্রেপ্তার করার নির্দেশ দেয়া হয় আইনশৃঙ্খলা বাহিনীকে।
আপিলের অনুমতি পাওয়ার এক বছর আট মাস পর আলোচিত জেল হত্যা মামলায় আপিলের সংক্ষিপ্তসার গত ১ নভেম্বর আপিল বিভাগে জমা দেয় রাষ্ট্রপক্ষ।
সর্বশেষ গত ১২ ডিসেম্বর এই মামলায় আসামি পক্ষের আইনজীবী নিয়োগ দেয় আপিল বিভাগ। একইসঙ্গে ১৫ জানুয়ারি পর্যন্ত মুলতবি করে।
