এসআই শাহজাহানের পরিবারকে জিজ্ঞাসাবাদ করবে ডিবি পুলিশ
নারায়ণগঞ্জের বন্দর থানায় রিস্ফোরণে পুলিশের এসআই শাহজাহানের মৃত্যুর ঘটনায় দায়ের করা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য তার পরিবারের সদস্যদের নোটিশ পাঠানো হয়েছে।
তাদেরকে আগামী ১৮ জানুয়ারি জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) কার্যালয়ে হাজির হতে বলা হয়েছে।
জেলা ডিবি পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেলোয়ার আহম্মেদ এ তথ্য জানান।
যাদের নামে ডিবি পুলিশ নোটিশ পাঠিয়েছে তারা হলেন- এসআই শাহজাহানের স্ত্রী লায়লা সাজু, ছেলে মোর্শেদ জাহান শুভ্র, শাহজাহানের ভাতিজির স্বামী শরিফুল ইসলাম, শাহজাহানের দুই ভাই ফরিদ আহম্মেদ ও রঞ্জু আহম্মেদ, ভাতিজা মাসুম মিয়া, শাহজাহানের শ্যালক আবুল হোসেন খান ও আব্দুল্লাহ আল আমিন।
ওসি দেলোয়ার আহম্মেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ফৌজদারী কার্যবিধির ১৬০ ধারায় মামলা সংক্রান্ত বিষয়ে জিজ্ঞাসাবাদের জন্য তাদেরকে নোটিশ দেওয়া হয়েছে। আগামী ১৮ জানুয়ারি তাদেরকে জেলা গোয়েন্দা কার্যালয়ে হাজির হতে বলা হয়।
বন্দর থানার কোয়ার্টারে বিস্ফোরণে এসআই শাহজাহানের মৃত্যুর ঘটনায় পুলিশ বাদী হয়ে একটি অপমৃত্যুর মামলা দায়ের করে। পরবর্তীতে নিহতের পরিবারের লোকজন শাহজাহানকে হত্যার অভিযোগ তোলায় মামলাটি গোয়েন্দা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
নিহত শাহাজাহানের ছেলে মো. মোর্শেদ জাহান শুভ্র ডিবি পুলিশের দেয়া নোটিশ পাওয়ার সত্যতা স্বীকার করেছেন।
গত ১৩ ডিসেম্বর রাতে বন্দর থানা কোয়ার্টারে বিস্ফোরণে অগ্নিদগ্ধ এসআই শাহজাহান ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৪ দিন পর মারা যান।
শাহজাহান তার পরিবারের সদস্যদের কাছে তার অগ্নিদগ্ধ হওয়ার জন্য থানার ওসি ও সেকেন্ড অফিসারকে দায়ী করেন। এদিকে জেলা পুলিশের গঠন করা তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, মদ্যপ অবস্থায় আগুনে তাপ পোহানোর সময় অগ্নিদগ্ধ হয়ে শাহজাহানের মৃত্যু হয়েছে।
পুলিশের ওই তদন্ত প্রতিবেদন প্রত্যাখান করে নিহতের পরিবার গত ২৩ ডিসেম্বর আদালতে থানার ওসি নুর মোহাম্মদ ও সেকেন্ড অফিসার বিনয় কৃষ্ণ কর ও অজ্ঞাত আরো দুইজনকে আসামী করে হত্যা মামলা দায়েরের আবেদন করলে ময়না তদন্ত প্রতিবেদন জমা দিতে পুলিশকে নির্দেশ দেয় আদালত।
১৭ দিন পর চিকিৎসক তদন্ত প্রতিবেদন দেয় বন্দর থানা পুলিশকে। ময়না তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, শাহজাহানের পাকস্থলীতে মদ পাওয়া গেছে। আগুনে পুড়ে শরীরে তীব্র পানিশূণ্যতা এবং সারা শরীরে রোগ সংক্রমণ হওয়ার কারণে শাহাজাহানের মৃত্যু হয়েছে। তবে নিহতের পরিবার ময়না তদন্তের রিপোর্ট প্রত্যাখান করেছেন।
ওই ঘটনায় উর্ধ্বতন পুলিশ কর্মকর্তার নিদের্শে থানার ওসি নুর মোহাম্মদকে প্রত্যাহার এবং এর আগে থানার সেকেন্ড অফিসার উপ-পরিদর্শক(এসআই) বিনয় কৃষ্ণ ধরকে বদলি করা হয়। একইসঙ্গে মামলাটি জেলা ডিবি পুলিশের কাছে হস্তান্ত করা হয়।
