২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাবির ইতিহাস বিভাগে ভর্তি ঠেকাল ছাত্রজোট

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে ভর্তিচ্ছু শিক্ষার্থীদের কাছ থেকে ‘অতিরিক্ত’ ফি আদায় প্রত্যাহারের দাবিতে ওই বিভাগের প্রথম বর্ষে ভর্তি কার্যক্রম বন্ধ করে দিয়েছে প্রগতিশীল ছাত্রজোট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

ঢাকা বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jan 2013, 01:58 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

সোমবার বিশ্ববিদ্যালয়ের কলা ভবনের নিচ তলায় ইতিহাস বিভাগের কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে ভর্তি কার্যক্রমে বাধা দেয় তারা।

২০১২-১৩ শিক্ষাবর্ষের অধীনে স্নাতক প্রথম বর্ষে এদিন শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম শুরু হওয়ার কথা ছিল।

সকাল ১১টা থেকে বেলা ২টা পর্যন্ত বিভাগীয় কার্যালয় অবরুদ্ধ থাকায় বন্ধ থাকে শিক্ষার্থী ভর্তি কার্যক্রম।

প্রগতিশীল ছাত্রজোটভুক্ত সংগঠন সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্টের সভাপতি রাশেদ শাহরিয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগে নতুন একটি কম্পিউটার ল্যাবরেটরি খুলে তার জন্য প্রত্যেক শিক্ষার্থীর কাছ থেকে দেড় হাজার করে টাকা নেয়া হচ্ছে।

“যেখানে বিশ্ববিদ্যালয়ের ব্যয়ের খাত না দেখাতে পেরে বাজেটের অর্থ ফেরত দেয়া হয়, সেখানে এইভাবে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত ফি নেয়ার কোনো যৌক্তিকতা নেই।”

তিনি বলেন, এই অতিরিক্ত ফি প্রত্যাহার না করা পর্যন্ত বিভাগে ভর্তি কার্যক্রম হতে দেয়া হবে না।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক আমজাদ আলী বলেন, বিষয়টি নিয়ে বিভাগের চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে সমস্যার সমাধান করা হবে।/এএইচ/এইচএ/১৯৫০ ঘ.