২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নির্বাচনী গোলযোগ কুমিল্লায়, হামলা-ভাংচুর

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বিজয়পুর ইউনিয়ন পরিষদ উপনির্বাচনে পরাজিত প্রার্থীর সমর্থকরা ভাংচুর করেছে উপজেলা নির্বাহী কর্মকর্তার গাড়ি।

কুমিল্লা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 05:41 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

রোববার বিকালের ওই হামলায় হামলায় পুলিশ-আনসার সদস্যসহ ১২ জন আহত হয়েছেন।

হামলাকারীরা একটি ভোট কেন্দ্রের ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায় বলেও পুলিশ জানিয়েছে।

পরে বিজয়ী চেয়ারম্যানের বাড়িতেও হামলা চালায় পরাজিত চেয়ারম্যান প্রার্থীর সমর্থকরা।

রোববার নির্বাচনে বেসরকারিভাবে বিএনপি সমর্থক চেয়ারম্যান প্রার্থী আব্দুর রব জিলানীকে (তালা প্রতীক) বিজয় ঘোষণা করা হয়।

সদর দক্ষিণ উপজেলার ইউএনও ফাতেমা জাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ফলাফল ঘোষণার পর ‘চৌধুরী খোলা’ কেন্দ্র থেকে পুলিশ পাহারায় কর্মকর্তারা ব্যালট বাক্স নিয়ে উপজেলা সদরে ফেরার পথে মধ্যম বিজয়পুর এলাকায় আওয়ামী লীগ সমর্থিক পরাজিত প্রার্থী খোরশেদ আলম খোকার সমর্থকরা পুলিশের ওপর হামলা চালায়। তারা ব্যালট বাক্স ছিনিয়ে নেয়ার চেষ্টা চালায়।

তিনি আরো বলেন, হামলায় পুলিশের এএসআই আবদুল হান্নান, সদর দক্ষিণের সহকারি কমিশনার (ভূমি) মনিরুজ্জামান, কনস্টেবল আলমগীর, বাদল বড়–য়া, আনসার সদস্য আবদুর রশিদ, সহিদ মিয়াসহ অন্তত ১২ জন আহত হন।

ম্যাজিস্ট্রেটের দায়িত্বে থাকা লাকসাম উপজেলার ইউএনও মো. শাহগীর আলমের গাড়িও ভাংচুর করা হয়। এছাড়াও বিজয়ী চেয়ারম্যান জিলানীর মধ্যম বিজয়পুরের গ্রামের বাড়িতে হামলা ও ভাংচুরের ঘটনা ঘটে।

ইউএনও মো. শাহগীর আলম বলেন, তার গাড়ি ভাংচুর করা হলেও তিনি অক্ষত আছেন। পুলিশ ও আনসারের কয়েকজন সদস্য আহত হয়েছে।

সদর দক্ষিণ থানার ওসি আইনুল হক বলেন, হামলাকারীরা পুলিশ-আনসারের ওপর হামলা চালালেও ব্যালট বাক্স নিতে পারেনি।

২০১২ সালের ২৯ অক্টোবর ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের বেলতলী এলাকায় এক সড়ক দুর্ঘটনায় বিজয়পুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা আসাদ আলী নিহত হন। এর পর ওই ইউনিয়নের চেয়ারম্যান পদটি শূন্য হয়।