বিকাশকে গ্রেপ্তারে পরোয়ানা
জামিনে মুক্তির পর মামলার হাজিরার দিনে আদালতে অনুপস্থিত থাকায় গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছে শীর্ষসন্ত্রাসী হিসেবে পরিচিত বিকাশ কুমার বিশ্বাসের বিরুদ্ধে।
তেজগাঁও থানার একটি মামলায় রোববার ঢাকার বিশেষ জজ মো. মোজাম্মেল হোসেন এই পরোয়ানা জারি করেন।
পাঁচটি হত্যাসহ ৯ মামলার এই আসামি গত ১৪ ডিসেম্বর মুক্তি পেলে তা নিয়ে বেশ আলোচনা ওঠে।
তেজগাঁও থানার ওই মামলায় হাজিরা পরোয়ানা (প্রডাকশন ওয়ারেন্ট) প্রত্যাহার হলে কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসেন বিকাশ। অন্য মামলাগুলোতে এর আগেই জামিন নেন তিনি।
তেজগাঁওয়ের ওই হত্যামামলায় গত ৮ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের প্রথম দিন বিকাশকে হাজিরা দিতে হলেও তিনি অনুপস্থিত ছিলেন।
বিকাশ ‘নিরাপত্তাহীনতার’ কারণে আদালতে হাজির হতে পারেননি বলে তার পক্ষে সময়ের আবেদন করেন আইনজীবী মোসলেম উদ্দিন ভূইয়া।
তিন নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোজাম্মেল হোসেন সেই আবেদন নাকচ করে গ্রেপ্তারি পরোয়ানা জারির আদেশ দেন।
জনৈক ঠিকাদার গাজী ওবাইদুর রহমান নান্নার ভাগ্নে মামুনসহ দুই জনকে হত্যার অভিযোগে ১৯৯৭ সালের ২ এপ্রিল তেজগাঁও থানায় বিকাশের বিরুদ্ধে মামলাটি করেন।
এতে অভিযোগ করা হয়, শেরেবাংলা নগরের গণপূর্ত (পিডব্লিউডি) ভবনের উপ বিভাগ-৭ এর কার্যালয়ে বিকাশ ও ইসহাকসহ ছয়জন ওই হত্যাকাণ্ড ঘটায়।
মামলাটিতে ১৯৯৮ সালের ৭ জুলাই আদালতে অভিযোগপত্র (চার্জশিট) দাখিল করে গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার আরমান হোসেন। মামলাটিতে ২৯ জন সাক্ষীর মধ্যে ২ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে।
বিকাশ এ মামলায় ২০০৮ সালের ২২ জানুয়ারি হাই কোর্ট থেকে জামিন নেন। তবে আরো মামলা থাকায় মুক্তি পাননি তিনি।
