কাহহার আকন্দের চুক্তির মেয়াদ বেড়েছে
বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের তদন্ত কর্মকর্তা সিআইডির বিশেষ সুপার আবদুল কাহ্হার আখন্দের চুক্তির মেয়াদ আরো এক বছর বেড়েছে।
১২ জানুয়ারি থেকে তার নতুন চুক্তি কার্যকর হবে বলে রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক আদেশে বলা হয়েছে।
এই কর্মকর্তা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলা এবং বিডিআর বিদ্রোহের সময় পিলখানায় হত্যাকাণ্ডের তদন্তও করেন।
চারদলীয় জোট সরকার আমলে চাকরিচ্যুত কাহহার আখন্দ বর্তমান সরকার ক্ষমতায় আসার পর প্রথমে জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার হিসেবে চুক্তিতে নিয়োগ পান।
পরে দুই দফায় তাকে অতিরিক্ত পুলিশ সুপার এবং বিশেষ পুলিশ সুপার হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ দেয়া হয়।
রোববার জনপ্রশাসন মন্ত্রণালয়ের আলাদা এক আদেশে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা অতিরিক্ত সচিব সাইফুল ইসলাম চৌধুরীকে জন্ম ও মৃত্যু নিবন্ধন প্রকল্পের পরিচালক নিয়োগ দেয়া হয়েছে।
অন্য এক আদেশে বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালসে (বিইউপি) প্রেষণে নিয়োজিত সেনা কর্মকর্তা মেজর সাব্বিরুদ্দিন আহমেদকে তার মূল কর্মস্থলে ফেরত পাঠাতে তার চাকরি সশস্ত্র বাহিনী বিভাগে ন্যস্ত করা হয়েছে।
