আড়াইহাজারে ছাত্রী অপহরণ, গ্রেপ্তার ৪
নারায়ণগঞ্জের আড়াইহাজারে এক স্কুল ছাত্রীকে অপহরণের মামলায় গোপালদী পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল বাশার কাসুসহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার রাতে উপজেলার কলাগাছিয়া এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
আড়াইহাজার থানার পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান জানান, গত ১২ জানুয়ারি সকালে গোপালদী পৌরসভার লক্ষীবরদী গ্রামের নবম শ্রেণি পড়ুয়া এক তরুণীকে গোপালদী বালিকা উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে কলাগাছিয়া এলাকার আবুল হোসেন টুকুর ছেলে হাবিবুর রহমান হাবু ও তার দুই সহযোগী অপহরণ করে নিয়ে যায়।
এ ঘটনায় ছাত্রীর বাবা ওই দিনই হাবুর চাচা গোপালদী পৌর বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আবুল বাশার কাসুসহ ১১ জনকে আসামি করে অপহরণ মামলা করেন।
পরে আবুল বাশার কাসু (৬৫),তার ভাই আবুল হোসেন টুকু (৫০), রুমান (২০) ও পনির হোসেনকে (৪৯) গ্রেপ্তার করা হয়।
অপহৃত স্কুল ছাত্রীর বাবা কাজী জহিরুল আলম জানান, স্কুলে যাওয়ার পথে প্রায়ই তার মেয়েকে অপহরণকারীরা উত্ত্যক্ত করত। এ ঘটনায় উত্ত্যক্তকারীদের অভিভাবকদের কাছে কাছে নালিশও করা হয়। তবে তারা বিষয়টির কোনো প্রতিকার না করে উল্টো হুমকি দেয়।
অভিযোগ অস্বীকার করে আবুল বাশারের পরিবার জানায়, বিএনপি করায় রাজনৈতিক হয়রানি করার জন্যই আবুল বাশার কাসুকে আসামি ও গ্রেপ্তার করা হয়েছে।
অপহৃতা স্কুল ছাত্রীকে উদ্ধারের চেষ্টা চলছে বলেও পরিদর্শক (তদন্ত) মজিবুর রহমান জানান।
