২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘গ্রেনেড হামলার আগে হাওয়া ভবনে যান এনএসআই ডিজি’

শেখ হাসিনার সমাবেশে ২০০৪ সালে গ্রেনেড হামলার কয়েকদিন আগে এনএসআইয়ের তৎকালীন মহাপরিচালক হাওয়া ভবনে গিয়েছিলেন বলে আদালতে সাক্ষ্যে জানিয়েছেন ওই সংস্থার এক কর্মকর্তা।

প্রকাশ বিশ্বাস প্রকাশ বিশ্বাস

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jan 2013, 12:08 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

২১ অগাস্টের গ্রেনেড হামলার মামলায় রোববার সাক্ষ্যে এই তথ্য জানান জাতীয় গোয়েন্দা সংস্থার সহকারী পরিচালক ইউসুফ হোসেন।

তিনি এই মামলার ৬৬তম সাক্ষী, যে মামলায় আসামি হিসেবে রয়েছেন তারেক রহমান, যার মা খালেদা জিয়ার রাজনৈতিক কার্যালয় ছিল হাওয়া ভবন।

আওয়ামী লীগ নেতারা বলে আসছেন, হাওয়া ভবন থেকেই তৎকালীন বিরোধীদলীয় নেতা শেখ হাসিনার সমাবেশে গ্রেনেড হামলার পরিকল্পনা হয়েছিল, যাতে নিহত হন আইভি রহমানসহ অন্তত ২৪ জন।

ইউসুফ হোসেন নাজিম উদ্দিন রোডে স্থাপিত ঢাকার ১ নম্বর দ্রুত বিচার ট্রাইবুনালের বিশেষ এজলাসে সাক্ষ্য দেন, যাতে তিনি এনএসআইয়ের তৎকালীন মহাপরিচালক ও বর্তমানে অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুর রহিমের হাওয়া ভবনে যাওয়ার কথা বলেন।

আব্দুর রহিম এই মামলার ৫২ আসামির একজন। বর্তমান সরকার আমলে অধিকতর তদন্তের পর তারেক রহমানের পাশাপাশি তাকেও আসামির তালিকায় যোগ করে সিআইডি।

ইউসুফ জানান,  আব্দুর রহিম ২০০৪ সালের ১২ অগাস্ট থেকে ২৫ অগাস্ট পর্যন্ত সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তখন তিনি ছিলেন অসুস্থ রহিমের তত্ত্বাবধানে।

তিনি বলেন, ২০০৪ সালের ১২ অগাস্টের পর ২১ অগাস্টের আগে চিকিৎসাধীন অবস্থায় একদিন আব্দুর রহিম হাওয়া ভবনে গিয়েছিলেন।

“আমি ও কনস্টেবল মনোয়ার সিএমএইচে ডিজি (রহিম) স্যারের দেখভালের জন্য রোস্টার ডিউটি করতাম। আমাদের সঙ্গে ওয়াকিটকি থাকত।

“ডিউটি চলার সময় একদিন ড্রাইভারকে (রহিমের গাড়িচালক) ওয়েটিং রুমে পাইনি। ফিরে এলে জিজ্ঞেস করলে সে জানায়,  স্যারকে নিয়ে সে বনানীতে হাওয়া ভবনে গিয়েছিল।”

ইউসুফ জানান, ২১ অগাস্ট বিকাল সাড়ে ৪টায় তিনি তার ওয়াকিটকিতে শুনতে পান যে বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সমাবেশে গ্রেনেড হামলা হয়েছে।

“এই খবরটি আমি ডিজি স্যারকে (রহিম) জানাই। তিনি শেখ হাসিনার খবর জানতে চাইলে আমি বলি, বিরোধীদলীয় নেত্রী বেঁচে থাকলেও গুরুতর আহত হয়েছেন।”

রোববার ইউসুফের সাক্ষ্য শেষ হওয়ার পর তাকে জেরা শুরু করেন আসামি পক্ষের আইনজীবীরা। তবে জেরা অসমাপ্ত রেখেই আদালতের কার্যক্রম মুলতবি করেন বিচারক শাহেদ নূর উদ্দিন।

আসামি পক্ষের আইনজীবীরা সোমবার ইউসুফকে পুনরায় জেরা করবে বলে এই মামলায় রাষ্ট্রপক্ষের প্রধান কৌঁসুলি সৈয়দ রেজাউর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

২০০৪ সালে সমাবেশে গ্রেনেড হামলার পর তৎকালীন বিএনপি-জামায়াত জোট সরকার আমলে এর তদন্ত ভিন্ন খাতে প্রবাহিত করা হয় বলে অভিযোগ ওঠে।

তত্ত্বাবধায়ক সরকার আমলে ২০০৮ সালে সিআইডি এই মামলায় ২২ জনকে আসামি করে অভিযোগপত্র দেয়। আসামিদের অধিকাংশই জঙ্গি সংগঠনের সদস্য।

আওয়ামী লীগ ক্ষমতায় আসার পর রাষ্ট্রপক্ষের আবেদনে অধিকতর তদন্ত হয়, এতে আসামির তালিকায় ৩০ জনকে যোগ করে সম্পূরক অভিযোগপত্র দেয় সিআইডি।

খালেদা জিয়ার সরকারের প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর, উপমন্ত্রী আব্দুস সালাম পিন্টু, পিন্টুর ভাই তাজউদ্দিন, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, সাবেক সংসদ সদস্য মোফাজ্জল হোসেন কায়কোবাদও আসামিদের তালিকায় রয়েছেন।