অচলাবস্থা কাটলো বেনাপোল বন্দরে
বেনাপোল স্থলবন্দরে দুপুর থেকে আমদানি-রপ্তানি কাজ শুরু হয়েছে।
জেলা প্রশাসনের সঙ্গে বন্দর ব্যবহারকারী পাঁচটি সংগঠনের আলোচনার পর রোববার দুপুর আড়াইটা থেকে বন্দর সচল হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
বুধাবর বর্ডার গার্ড বাংলাদেশ-বিজিবি সঠিক কাগজ-পত্র না থাকার অভিযোগে ভারতমুখী একটি মাছের চালান আটকে দেয়। পরে সেই মাছ বিজিবি নিলাম করে দেয়।
বন্দর ব্যবহারকারীরা বিজিবির এই অভিযোগ অস্বীকার করে বলছেন, মাছের চালানের জন্য তারা সঠিক কাগজই বন্দরে জমা দিয়েছেন।
এ ঘটনার প্রতিবাদে বিক্ষুদ্ধরা বৃহস্পতিবার বন্দর এলাকায় মিছিল ও সমাবেশ করে এবং শনিবার থেকে লাগাতার ধর্মঘটের ডাক দেয়।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে সকালে জেলা প্রশাসক মুস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বন্দর ব্যবহারকারী সিঅ্যান্ডএফ এজেন্ট অ্যাসোসিয়েশন, ট্রান্সপোর্ট মালিক সমিতি, বেনাপোল ল্যান্ড পোর্ট ইমপোর্টাস এ্যান্ড এক্সপোর্টার অ্যাসোসিয়েশন, সিএ্যান্ডএফ এজেন্ট কর্মচারী ইউনিয়ন ও ঝিকরগাছা-নাভারন-বেনাপোল ট্রাক মালিক সমিতি ছাড়াও বিজিবি প্রতিনিধি ও যশোর চেম্বারের নেতারা উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে বেনাপোল কাস্টমস ক্লিয়ারিং এ্যান্ড ফরোয়াডিং (সিএন্ডএফ) এজেন্ট অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ইমদাদুল হক লতা জানান, প্রশাসনের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হওয়ায় ধর্মঘট প্রত্যাহার করে নেয়া হয়েছে। দুপুর আড়াইটা থেকে বন্দরে আমদানি-রপ্তানি, শুল্ক বিভাগ ও বন্দরের সকল কাজকর্ম চালু হয়েছে।
বেনাপোল চেকপোস্ট কার্গো শাখার রাজস্ব কর্মকর্তা ইমতিয়াজ আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দ্রুত পণ্য খালাস করার জন্য বন্দরের সব বিভাগকে নির্দেশ দেয়া হয়েছে।
