গণপিটুনিতে ২ ‘চোরের’ মৃত্যু
গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় গণপিটুনিতে দুই ‘গরু চোর’ নিহত হয়েছে।
রোববার ভোর রাতে উপজেলার মুন্সিরচর বিলে এ ঘটনা ঘটে।
নিহতরা হলেন, উপজেলার করফা গ্রামের আব্দুর রাজেক শেখের ছেলে কবির হোসেন শেখ (৩৫) ও নিলফা গ্রামের এহসান মোল্লার ছেলে ফরহাদ মোল্লা (৩৮)।
গোপালগঞ্জের পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, রাত ৩টার দিকে ৭/৮ জন চোর সেনেরচর গ্রামের দীনবন্ধু বালা, দীন মন্ডল, মো. হাবিবুর রহমান সরদার ও সাধন বিশ্বাসের বাড়ির গোয়ালঘর থেকে ৭টি গরু চুরি করে মুন্সিরচর বিলের মধ্যে জড়ো করে।
বিষয়টি টের পেয়ে সেনেরচর ও পার্শ্ববর্তী মুন্সিরচর ও সিঙ্গিপাড়া গ্রামের লোকজন দেশি অস্ত্রশস্ত্রে নিয়ে চোরদের ধাওয়া করে। এ সময় কবির ও ফরহাদ নামে দুই জন খালে ঝাপিয়ে পড়ে।
পরে গ্রামবাসী তাদের আটক করে গণপিটুনি দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মুমূর্ষু অবস্থায় তাদের উদ্ধার করে গোপালগঞ্জ ও টুঙ্গিপাড়া হাসপাতালে ভর্তি করে।
চিকিৎসাধীন অবস্থায় রোববার সকালে তাদের মৃত্যু হয়।
এ বিষয়ে নিহত কবির হোসেনের বাবা আব্দুর রাজেক শেখ বলেন, “আমার ছেলে আগে থেকেই এ জাতীয় কাজে জড়িত ছিল। এ কারণে তাকে আড়াই বছর আগে বাড়ি থেকে বের করে দেয়া হয়।
এ ঘটনায় দুইটি মামলা হয়েছে।
দুই চোরকে হত্যার ঘটনায় টুঙ্গিপাড়া থানার এস আই আসলাম খান বাদী হয়ে তিন গ্রামের গ্রামের অজ্ঞাত ২/৩ হাজার গ্রামবাসীকে আসামি করে একটি এবং চুরির ঘটনায় সেনেরচরের দীনবন্ধু বালা বাদী নিহত দুই জনসহ অজ্ঞাত ৪/৫ জনকে আসামি করে আরেকটি মামলা করেন।
