হামলা চালিয়ে আসামি ছিনতাই
নেত্রকোণার মদন উপজেলায় পুলিশের ওপর হামলা চালিয়ে তিন আসামিকে ছিনিয়ে নিয়েছে গ্রামবাসী।
শনিবার সন্ধ্যায় উপজেলার পাঁচআলমশ্রী গ্রামে ওই হামলায় মদন থানার এএসআই সঞ্জয় ও কনস্টেবল নাঈম আহত হয়েছেন।
ছিনিয়ে নেওয়া আসামিরা হলেন, সাবেক ইউপি সদস্য বেবুল মিয়া, তৌফিক উদ্দিন ভুইয়া ও মাসুদ মিয়া।
মদন থানার ওসি মো. মাহবুবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, শুক্রবার সন্ধ্যায় ও শনিবার দুপুরে গ্রামের বেবুল মিয়া ও লুৎফর রহমানের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়।
এই ঘটনায় শনিবার সন্ধ্যায় পাঁচআলমশ্রী গ্রামে পুলিশ তিন জনকে গ্রেপ্তার করে।
“এর কিছুক্ষণ পরই বেবুল মিয়ার লোকজন পুলিশের ওপর লাঠি-সোটা নিয়ে হামলা চালিয়ে গ্রেপ্তারদের ছিনিয়ে নেয়।”
এদিকে হামলায় আহত কনস্টেবল নাঈমকে মদন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসক আব্দুল কদ্দুছ জানান, লাঠির আঘাতে কনস্টেবল নাঈমের মাথায় জখম হয়েছে।
