ঈশ্বরদীতে ট্রাকচাপায় নিহত ২ নারী শ্রমিক
পাবনার ঈশ্বরদীতে ট্রাকের চাপায় দুই নারী শ্রমিক নিহত এবং ১০ জন আহত হয়েছেন।
শনিবার সকাল সাড়ে ৭টায় ঈশ্বরদী-কুষ্টিয়া মহাসড়কের রূপপুরের বাঘইল এলাকায় এই দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত সাথী (২৮) ও রুপা (২৫) ঈশ্বরদী ইপিজেডের কারখানায় কাজ করতেন।
ঈশ্বরদী থানার পরিদর্শক (তদন্ত) আব্দুল হাই বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রূপপুর থেকে শ্যালো ইঞ্জিনচালিত নছিমন ভ্যানে করে ১১ নারী শ্রমিক সকালে ঈশ্বরদী ইপিজেডে গার্মেন্টস কারখানায় কাজে যাচ্ছিল।
“লালনশাহ সড়কে বিকল হয়ে যাওয়া পাথরবোঝাই একটি ট্রাককে পাশ কাটানোর সময় বিপরীতমুখী একটি ট্রাক নছিমনের ওপর উঠে যায়। এতে নছিমনটি চুরমার হয়ে যায়।”
সাথী ও রুপা ঘটনাস্থলেই মারা যান। আহত ছয়জনকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়েছে।
তিনজনের অবস্থা আশঙ্কাজনক বলে চিকিৎসকরা জানিয়েছেন। তাদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে।
হতাহতরা ঈশ্বরদী উপজেলার ফরিদপুর গ্রামের বাসিন্দা।
