২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

টাঙ্গাইলে সাংবাদিকের ওপর মাদকচক্রের হামলা

মাদকের ওপর প্রতিবেদন তৈরি করতে গিয়ে মাদকচক্রের হামলায় টাঙ্গাইলে আহত হয়েছেন বেসরকারি একটি টেলিভিশন চ্যানেলের দুই সাংবাদিক ও একজন চিত্রধারক।

টাঙ্গাইল প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jan 2013, 04:54 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

ঘাটাইল ‍উপজেলার হামিদপুরে শুক্রবার সন্ধ্যায় এই ঘটনা ঘটেছে বলে পুলিশ জানিয়েছে।

আহতরা হলেন- একাত্তর টেলিভিশনের স্টাফ রিপোর্টার ফয়সাল আলম (৩৫), জেলা প্রতিনিধি এম এ রাজ্জাক (৩৫) ও ক্যামেরাম্যান মঞ্জুর রশিদ মামুন (৪০)।

মারধরের পাশাপাশি তাদের কাছ থেকে ক্যামেরা, মোবাইল ও মানিব্যাগ ছিনিয়ে নেয়া হয় বলে তারা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন।

ফয়সাল আলম বলেন, “সন্ধ্যার পর ওই এলাকায় গিয়ে ভিডিও ধারণের সময় স্থানীয় মাদক বিক্রেতারা সংঘবদ্ধ হয়ে আমাদের ওপর হামলা চালায় এবং বেধড়ক মারপিট করে।”

হামলার খবর পেয়ে পাশের কালিহাতি থানা থেকে পুলিশ গিয়ে সংবাদকর্মীদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

হামলাকারীদের বিরুদ্ধে মামলা করার কথা জানিয়েছেন ফয়সাল। 

থানার ওসি জহিরুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, হামলায় জড়িত সন্দেহে মনির ও সেলিম নামের দু’জনকে গ্রেপ্তার করেছে। অন্যদের গ্রেপ্তার এবং ছিনিয়ে নেয়া মালামাল উদ্ধারের জন্য অভিযান চলছে।

আহত তিন সংবাদকর্মীদের প্রথমে কালিহাতি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে তাদের টাঙ্গাইল জেনারেল হাসপাতালে স্থানান্তর করা হয়।

টাঙ্গাইল পৌরসভার মেয়র তাদের হাসপাতালে দেখতে যান ও চিকিৎসার খোঁজ খবর নেন।