২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চম্পা হত্যা: সুষ্ঠু তদন্ত প্রতিবেদনের আশ্বাস মন্ত্রীর

ফরিদপুরে স্কুলছাত্রী জাকিয়া আক্তার চম্পা হত্যার ঘটনার সুষ্ঠু তদন্ত প্রতিবেদনের আশ্বাস দিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

ফরিদপুর প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 07:11 PM

Updated : 25 Apr 2022, 06:15 PM

শুক্রবার ফরিদপুর শহরতলির বদরপুরে মন্ত্রীর বাসায় বিক্ষুব্ধ ফরিদপুরবাসীর ব্যানারে নারী ও সুশীল সমাজের প্রতিনিধিরা দেখা করতে গেলে তিনি এ আশ্বাস দেন।

মন্ত্রী বলেন, ময়নাতদন্ত প্রতিবেদনে চিকিৎসকরা যে রিপোর্টই আসুক না কেন, মামলা পরিচালিত হবে পুলিশ দেওয়ার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে।

কেনো ধরণের হস্তক্ষেপ করা হবে না বলে নিশ্চিত করেন তিনি।

এ সময় অন্যদের মধ্যে সেখানে উপস্থিত ছিলেন, নারী নেত্রী আসমা আক্তার মুক্তা, অ্যাডভোকেট শিপ্রা গোস্বামী, মো. আজহারুল ইসলামসহ নিহত চম্পার পরিবারের সদস্যরা।

গত ১৪ ডিসেম্বর গাছে ঝুলানো অবস্থায় চম্পার লাশ উদ্ধার করে পুলিশ। ওই দিনই চম্পার ভাই হাসিবুল ইসলাম ওই ছাত্রীকে ধর্ষণের পর হত্যার অভিযোগে পাঁচ জনের নামে কোতয়ালী থানায় মামলা দায়ের করে।

তবে চিকিৎসকের দেয়া ময়নাতদন্ত প্রতিবেদনে আত্মহত্যার উল্লেখ করা হলেও গত ৫ জানুয়ারি ভিসেরা পরীক্ষার জন্য চম্পার লাশ কবর থেকে তোলা হয়।