২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

‘ঘটনাস্থলে না গিয়েই কল্পনাকে নিয়ে তদন্ত প্রতিবেদন’

কল্পনা চাকমার অন্তর্ধান নিয়ে সিআইডির তদন্ত প্রতিবেদন প্রত্যাখ্যান করে তার ভাই কালিন্দী কুমার চাকমা বলেছেন, ঘটনাস্থলে না গিয়েই এই প্রতিবেদন তৈরি করা হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 01:56 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

শুক্রবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে (ডিআরইউ) এক গোলটেবিল বৈঠকে কালিন্দী কুমার বলেন, “সিআইডির তদন্ত দল ঘটনাস্থালে না গিয়ে একটি তদন্ত প্রতিবদন দিয়েছে। বাকি যে কাজটা করেছে তাও নিরপেক্ষভাবে হয়নি।”

১৯৯৬ সালের ১২ জুন হিল উইমেন্স ফেডারেশনের সাংগঠনিক সম্পাদক কল্পনা চাকমা নিখোঁজ হন। তাকে সেনা সদস্যরা তুলে নিয়ে যায় বলে অভিযোগ পাহাড়িদের ।

কল্পনা নিখোঁজ হওয়ার দিনই থানায় অভিযোগ করতে যান জানিয়ে তার বড় ভাই কালিন্দী বলেন, “এজাহারে আসামি হিসেবে তৎকালীন কজইছড়ি ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফেরদৌস, ভিডিপি সদস্য নুরুল হক ও সালেহ আহমেদের নাম উল্লেখ করতে চাইলে থানা থেকে বলা হয়, এদের নাম উল্লেখ করা যাবে না।”

পরে থানার ওসি নিজে এজাহার লিখে ভয়ভীতি দেখিয়ে তাতে তার স্বাক্ষর করিয়ে নেন বলে অভিযোগ করেন কালিন্দী কুমার।

তিনি বলেন, “কল্পনার ঘটনায় তিনটি তদন্ত কমিটি গঠন করা হয়। কিন্তু অবসরপ্রাপ্ত বিচারপতি আবদুল জলিলের নেতৃত্বে গঠিত তদন্ত কমিটির রিপোর্ট, পুলিশের চূড়ান্ত রিপোর্ট ও সিআইডির রিপোর্টের মধ্যে কোনো পার্থক্য দেখা যায় না। রিপোর্টগুলোর মূল সুর একটাই। আর তা হলো, অপরাধীকে রক্ষা করা।”

হিল উইমেন্স ফেডারেশনের সাবেক সভাপতি কবিতা চাকমা ক্ষোভের সঙ্গে বলেন, ইয়াসমিন হত্যার রায় হয়েছে। কিন্তু সাড়ে ১৬ বছর পার হলেও কল্পনাকে অপহরণের কোনো বিচার বা রায় হয় না।

“তাহলে কী আমরা বাঙালি না হওয়ায় বৈষম্যের শিকার হয়েছি?,” প্রশ্ন রাখেন তিনি।

হিল উইমেন্স ফেডারেশনের বর্তমান সভাপতি কণিকা দেওয়ানের উপস্থাপনায় লিখিত বক্তব্য পড়ে শুনান এচিং মারমা।

লিখিত বক্তব্যে সিআইডির প্রতিবেদন প্রত্যাখ্যান ছাড়াও পার্বত্য চট্টগ্রাম থেকে সেনাবাহিনী প্রত্যাহার ও সেটলারদের ওই অঞ্চলের বাইরে পুনর্বাসনের দাবি জানানো হয়।

তাদের দাবির প্রতি সমর্থন জানান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অর্থনীতির শিক্ষক আনু মুহাম্মদ।

বৈঠকে অন্যদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আমেনা মহসিন ও আকমল হোসেন, ব্যারিস্টার সারা হোসেন বক্তব্য দেন।

রাঙামাটির মুখ্য বিচারিক হাকিমের আদালতে আগামী ১৩ জানুয়ারি সিআইডির তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে এই মামলার শুনানি হওয়ার কথা রয়েছে। উপযুক্ত সাক্ষ্য প্রমাণ পাওয়া যায়নি উল্লেখ করে কল্পনা চাকমা অপহরণ মামলা নিষ্পত্তি করে দিতে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দিয়েছে সিআইডি।