নেত্রকোণায় বাস-ট্রেন সংঘর্ষ, নিহত ১
নেত্রকোণার পূর্বধলা উপজেলায় শুক্রবার দুপুরে ট্রেনের ধাক্কায় একটি যাত্রীবাহী বাস রাস্তার পাশে পড়ে গেছে।
এ সময় ট্রেন থেকে লাফ দেয়ার পর এক কিশোরের মৃত্যু হলেও বাসযাত্রীদের কেউ গুরুতর আহত হয়নি। সামান্য আহত ১০ বাসযাত্রীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
নিহত কিশোরের (১৫) পরিচয় তাৎক্ষণিকভাবে জানাতে পারেনি পুলিশ।
পূর্বধলা থানার উপ-পরিদর্শক (এসআই) কাজী শহিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ময়মনসিংহ থেকে বিরিশিরিগামী যাত্রীবাহী বাস লেভেল ক্রসিং অতিক্রমের সময় ময়মনসিংহগামী একটি ট্রেন বাসটির চপছনের অংশে ধাক্কা দেয়। এতে বাসটি রাস্তার পাশে পড়ে গেলেও কোনো যাত্রী গুরুতর আহত হয়নি।
কিন্তু ট্রেন থেকে লাফিয়ে পড়লে অজ্ঞাত পরিচয় এক কিশোর ঘটনাস্থলেই নিহত হয়।
স্থানীয়রা জানান, বাস যাত্রীরা সামান্য আহত হওয়ায় তাদেরকে হাসপাতালে পাঠাতে হয়নি।
এ ব্যাপারে জারিয়া রেল স্টেশন মাস্টার আবু জাফরের সঙ্গে ফোনে যোগাযোগের চেষ্টা করে পাওয়া যায়নি।
