বিশ্ব ইজতেমায় লাখো মুসল্লি
বিশ্ব ইজতেমায় শুক্রবার জুমার নামাজে লাখ লাখ মুসল্লি অংশ নিয়েছেন।
শুক্রবার ফজরের নামাজের পর পাকিস্তানের মাওলানা মো. জামিলের বয়ানের মধ্য দিয়ে টঙ্গীর তুরাগতীরে কড়া নিরাপত্তার মধ্যে শুরু হয় ইজতেমার আনুষ্ঠানিকতা।
দুপুর দেড়টায় জুমার নামাজে ইমামতি করেন কাকরাইল মসজিদের ইমাম হাফেজ জোবায়ের। ইজতেমায় যোগদানকারী মুসল্লি ছাড়াও জুমার নামাজে অংশ নিতে ঢাকা-গাজীপুরসহ আশপাশের এলাকার লাখ লাখ মুসুল্লি ইজতেমা মাঠে হাজির হন।
দুপুর ১২টার দিকে ইজতেমা মাঠ উপচে আশেপাশের খোলা জায়গাসহ সবস্থান জনসমুদ্রে পরিণত হয়। মাঠে স্থান না পেয়ে মুসল্লিরা মহাসড়ক ও অলিগলিসহ যে যেখানে পেরেছেন পাটি, চটের বস্তা, খবরের কাগজ বিছিয়ে জুমার নামাজ আদায় করেন।
প্রথম দিন বাদ ফজর পাকিস্তানের মাওলানা জামিলের পর বাদ জুমা বাংলাদেশের মাওলানা মো. হোসেন বয়ান পেশ করছেন। পরে বাদ আছর ভারতের মাওলানা জোবায়রুল হাসান ও বাদ মাগরিব- মাওলানা সা’দ বয়ান পেশ করবেন।
কনকনে শীত উপেক্ষা করে বুধবার থেকেই দেশ-বিদেশের লাখো মুসল্লি এরই মধ্যে ইজতেমা ময়দানে জড়ো হয়েছেন। এবারো ইজতেমা হচ্ছে দুই পর্যায়ে।
রোববার আখেরি মোনাজাতের মধ্য দিয়ে ইজতেমার প্রথম পর্যায় শেষ হবে। প্রথম পর্বে অংশ নিচ্ছে ৩২টি জেলার মুসল্লিরা।
চার দিন বিরতি দিয়ে ১৮ জানুয়ারি শুরু হবে ইজতেমার দ্বিতীয় পর্যায়। এতে আরো ৩২ জেলার মুসল্লিরা অংশ নেবেন। ২০ জানুয়ারি আখেরি মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে বিশ্ব তাবলিগ জামাতের বার্ষিক এই সম্মিলন।
১৯৪৬ সাল থেকে বাংলাদেশে বিশ্ব ইজতেমা হয়ে আসছে। শুরুতে ইজতেমা হতো ঢাকার কাকরাইল মসজিদে। এরপর ১৯৪৮ সালে চট্টগ্রামের হাজি ক্যাম্পে এবং ১৯৫৮ সালে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা হয়।
ইজতেমায় মুসল্লির সংখ্যা বাড়তে থাকায় ১৯৬৬ সালে টঙ্গীর তুরাগ নদীর তীরে বিশ্ব ইজতেমার আয়োজন করা হয়। এরপর থেকে এখানেই ইজতেমা হচ্ছে।
ইজতেমায় অংশ নিতে দেশের বিভিন্ন জেলার মুসল্লিদের স্রোত এখন টঙ্গীমুখো। ট্রেন, বাস, ট্রাক, প্রাইভেটকার, ট্যাক্সি, স্কুটার, নৌকা ও পায়ে হেঁটে মুসল্লিরা ইজতেমা মাঠে আসছেন।
বয়ানের তাৎক্ষণিক অনুবাদ
বিশ্ব ইজতেমায় বাংলাদেশ, ভারত ও পাকিস্তানের তাবলিগ মারকাজের ১৫-২০জন শুরা সদস্য ও বুজর্গ বয়ান পেশ করবেন। মূল বয়ান উর্দূতে হলেও বাংলা, ইংরেজি, আরবি, তামিল, মালয়, তুর্কি ও ফরাসি ভাষায় তাৎক্ষণিক অনুবাদ হচ্ছে। বিভিন্ন ভাষাভাষী বিদেশি মেহমানরা আলাদা আলাদাভাবে মূল বয়ানমঞ্চের উত্তর, দক্ষিণ ও পূর্বপাশে হোগলা পাটিতে বসেন। তাদের মধ্যে একজন করে মুরুব্বী মূল বয়ানকে তাৎক্ষণিক অনুবাদ করে শুনান।
যৌতুকবিহীন বিয়ে শনিবার
ইসলামি শরিয়া অনুযায়ী শনিবার বাদ আসর যৌতুকবিহীন বিয়ে অনুষ্ঠিত হবে। সকাল থেকে ওইসব বিয়ের জন্য বয়ান মঞ্চের কক্ষেই বর-কনের নাম তালিকাভুক্ত করা হবে।
ইজতেমায় তৃতীয় মুসল্লির মৃত্যু
বিশ্ব ইজতেমায় এসে বৃহস্পতিবার বিকেলে বার্ধক্যজনিত রোগে আরো এক মুসল্লি মারা গেছেন। মৃত ফজলুর রহমান (৬৫) চুয়াডাঙ্গার আলমডাঙ্গা থানার কয়রাডাঙ্গা গ্রামের মৃত সাদ্দাম মোল্লার ছেলে।
এ নিয়ে গত দুদিনে তিন মুসল্লি মারা গেলেন ।
টঙ্গী হাসপাতালে চিকিৎসা
টঙ্গী হাসপাতাল ও সিভিল সার্জনের তত্ত্বাবধানে মেডিক্যাল ক্যাম্পে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত গত দুদিনে বিভিন্ন রোগে আক্রান্ত প্রায় দুহাজার মুসল্লি চিকিৎসা সেবা নিয়েছেন। এদের মধ্যে শ্বাস কষ্ট ও হৃদরোগে আক্রান্ত ছয় জনকে ঢাকায় পাঠানো হয় এবং ২০ জনকে টঙ্গী হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানিয়েছেন জেলা সিভিল সার্জন সৈয়দ হাবিব উল্লাহ।
ভ্রাম্যমাণ আদালতের জরিমানা
ইজতেমাস্থল ও আশপাশের খাবারের দোকান ও হোটেলে ভ্রাম্যমাণ আদালত শুক্রবার দুপুর পর্যন্ত অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য পরিবেশন ও ভেজাল খাদ্য বিক্রয়ের অভিযোগে ৯টি মামলায় ৪১ হাজার টাকা জরিমানা আদায় করেছে বলে জানিয়েছেন গাজীপুরের নির্বাহী ম্যাজিষ্ট্রেট মো. সাজিদ আনোয়ার।
গত দুদিনে ২৩টি মামলা ও ১ লাখ ৩৮ হাজার ৫০০টাকা জরিমানা আদায় করা হয়।
প্রথম দিনে ৮ হাজার বিদেশি
ইজতেমার প্রথম পর্যায়ের প্রথম দিন মিসর, ওমান, সৌদি আরব, সংযুক্ত আরব-আমিরাত, কাতার, অষ্ট্রেলিয়া, ব্রুনেই, কানাডা, কম্বোডিয়া, ডেনমার্ক, ফিনল্যান্ড, জার্মানি, ইরান, জাপান, মাদাগাস্কার, মালি, মোজাম্বিক, নাইজেরিয়া, পানামা, সেনেগাল, দক্ষিণ আফ্রিকা, তাঞ্জানিয়া, ত্রিনিদাদ, রাশিয়া, যুক্তরাষ্ট্র, জিম্বাবুয়ে, বেলজিয়াম, ক্যামেরুন, চীন, ফিজি, ফ্রান্স, ইন্দোনেশিয়া, ইটালি, কেনিয়া, মালয়শিয়া, মায়ানমার, নিউজিল্যান্ড, নরওয়ে, ফিলিপাইন, সিঙ্গাপুর, শ্রীলঙ্কা, সুইডেন, থাইল্যান্ড, তুরস্ক, যুক্তরাজ্য, জাম্বিয়া, কোরিয়া, আলজেরিয়া, জিবুতি,ইথিওপিয়া, ইরাক, ফিলিস্তিন, কুয়েত, মরক্কো, কাতার, সোমালিয়া, সিরিয়া, তিউনিসিয়া, ইয়েমেন, পাকিস্তান, বাহরাইন, ইরিত্রিয়া, জর্দান, মৌরিতানিয়া, ভারত, সুদান, দুবাইসহ বিশ্বের ৮৫টি রাষ্ট্রের প্রায় ৮ হাজার মুসল্লি ইজতেমায় অংশ নিয়েছেন।
প্রথম দফায় যেসব জেলা
প্রথম পর্বের জন্য পুরো ময়দানকে ৪০টি খিত্তায় ভাগ করা হয়েছে। এর মধ্যে ১ ও ২ নম্বর খিত্তায় গাজীপুর, ৩-১২ নম্বর খিত্তায় ঢাকা জেলা, ১৩ নম্বর খিত্তায় সিরাজগঞ্জ, ১৪ নম্বর খিত্তায় নরসিংদী, ১৫ নম্বর খিত্তায় ফরিদপুর, ১৬ নম্বর খিত্তায় রাজবাড়ি, ১৭ নম্বর খিত্তায় শরীয়তপুর, ১৮ নম্বর খিত্তায় কিশোরগঞ্জ, ১৯ নম্বর খিত্তায় রংপুর, ২০ নম্বর খিত্তায় নাটোর, ২১ নম্বর খিত্তায় শেরপুর, ২২ নম্বর খিত্তায় রাজশাহী, ২৩ নম্বর খিত্তায় গাইবান্ধা, ২৪ নম্বর খিত্তায় জয়পুরহাট, ২৫ নম্বর খিত্তায় লালমনিরহাট, ২৬ নম্বর খিত্তায় হবিগঞ্জ, ২৭ নম্বর খিত্তায় দিনাজপুর, ২৮ নম্বর খিত্তায় সিলেট, ২৯ নম্বর খিত্তায় চাঁদপুর, ৩০ নম্বর খিত্তায় ফেনী, ৩১ নম্বর খিত্তায় চট্টগ্রাম, ৩২ নম্বর খিত্তায় বান্দরবান, খাড়াছড়ি ও রাঙ্গামাটি, ৩৩ নম্বর খিত্তায় বাগেরহাট, ৩৪ নম্বর খিত্তায় কুষ্টিয়া, ৩৫ নম্বর খিত্তায় নড়াইল, ৩৬ নম্বর খিত্তায় চুয়াডাঙ্গা, ৩৭ নম্বর খিত্তায় যশোর, ৩৮ নম্বর খিত্তায় ভোলা, ৩৯ নম্বর খিত্তায় বরগুনা এবং ৪০ নম্বর খিত্তায় ঝালকাঠি জেলার মুসুল্লীরা অবস্থান করছেন।
গাড়ি রাখার জায়গা
১১ থেকে ১৩ জানুয়ারি ও ১৮ থেকে ২০ জানুয়ারি ইজতেমা উপলক্ষে মুসল্লিদের নিরাপদ যাতায়াত নিশ্চিতে যানবাহন চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে।
১২ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ১৩ জানুয়ারি সন্ধ্যা ৬টা এবং ১৯ জানুয়ারি সন্ধ্যা ৬টা থেকে ২০ জানুয়ারি সন্ধ্যা ৬টা পর্যন্ত ধউড় সেতু থেকে আব্দুল্লাহপুর হয়ে প্রগতি সরণী এবং টঙ্গী সেতু থেকে গাজীপুর চৌরাস্তা পর্যন্ত বিমানযাত্রী, ফায়ার সার্ভিসের গাড়ি ও অ্যাম্বুলেন্স ছাড়া সব যানবাহন চলাচল বন্ধ থাকবে।
ঘোড়াশাল থেকে পুবাইল-কালীগঞ্জ হয়ে আসা যানবাহন টঙ্গী রেলওয়ে স্টেশনের পূর্বে মরকুন (কে-২) পর্যন্ত চলাচল করতে পারবে। ঢাকা-সিলেট মহাসড়ক থেকে ঘোড়াশাল হয়ে ঢাকাগামী যানবাহন কাচপুর/যাত্রাবাড়ি সড়ক ব্যবহার করবে।
ইজতেমায় গমনেচ্ছু মুসল্লি, উত্তরাবাসী, বিমানযাত্রী, ফায়ার সার্ভিসের গাড়ি, অ্যাম্বুলেন্স ছাড়া অন্য সব যানবাহনের চালকদের বিমান বন্দর সড়কের পরিবর্তে মিরপুর-সাভার সড়ক ব্যবহার করতে বলা হয়েছে।
ঢাকা মহানগরের যে সব মুসল্লি পায়ে হেঁটে ইজতেমায় যাবেন তাদের শাহজালাল বিমানবন্দর গোলচত্বর আজমপুর-আব্দুল্লাহপুর হয়ে টঙ্গীসেতু দিয়ে না গিয়ে তুরাগ নদীর ওপর নির্মিত ভাসমান সেতু অথবা কামারপাড়া সেতু ব্যবহার করতে হবে।
বিভিন্ন এলাকার যানবাহনের জন্য পৃথক স্থান পার্কিং এর জন্য নির্দিষ্ট করা হয়েছে।
ঢাকা মহানগরীর গাড়ির জন্য নিকুঞ্জ-১ আবাসিক এলাকার খালি জায়গা, উত্তরা ৬ নম্বর সেক্টর ও রাজউক কলেজের আশেপাশের খালি জায়গা নির্দিষ্ট করা হয়েছে।
সিলেট বিভাগের গাড়ি উত্তরা ১২ নম্বর সেক্টর, বরিশাল বিভাগ ধউড় সেতু ক্রসিং সংলগ্ন এলাকা, ঢাকা বিভাগ সোনারগাঁও সড়ক ও জনপথ সড়কের পূর্ব থেকে পশ্চিম প্রান্ত, খুলনা বিভাগ উত্তরা ১০ ও ১১ নম্বর সেক্টর সড়কের দুপাশে, রাজশাহী ও রংপুর বিভাগ হাউজিং মাঠ, চট্টগ্রাম বিভাগ উত্তরা ১৩ নম্বর সেক্টরের গাউছুল আজম ও গরীবে নেওয়াজ রোডের দুপাশে এবং বরিশাল ও খুলনা বিভাগ উত্তরা ১৮ নম্বর সেক্টরের খালি জায়গায়, রাজশাহী বিভাগের গাড়ি কামারপাড়া হাউজিং মাঠ ও ১০ নম্বর সেক্টরের খালি জায়গায় পার্কিং করবে।
মুসল্লিদের জন্য ২০০ বাস
জেলা পুলিশ সুপার আব্দুল বাতেন জানান, বিশ্ব ইজতেমার দুই পর্বের আখেরি মোনাজাতের দিন গাজীপুর চৌরাস্তা থেকে টঙ্গীর চেরাগ আলী পর্যন্ত (ঢাকা-ময়মনসিংহ সড়ক) ২০০টি বাস চলাচল করবে মুসুল্লিদের যাতায়াতের সুবিধার জন্য।
অনুসন্ধান ও প্রয়োজনীয় তথ্য
মুসুল্লিদের যে কোন প্রয়োজনে জেলা প্রশাসনের কন্ট্রোল রুমের ৯৮১৩৪০১-২ নম্বরে যোগাযোগ করতে বলা হয়েছে।
