২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘চার বছরের অগ্রযাত্রা অব্যাহত থাকবে’

আওয়ামী লীগ নেতৃত্বাধীন বর্তমান সরকার গত চার বছরে কোনো কোনো ক্ষেত্রে ‘লক্ষ্যের চেয়েও বেশি’ অর্জন করেছে বলে মনে করেন প্রধামন্ত্রী শেখ হাসিনা।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 01:04 PM

Updated : 23 Aug 2022, 10:02 AM

আগামীতেও জনগণকে সঙ্গে নিয়ে এই অগ্রযাত্রা অব্যাহত রাখার দৃঢ় প্রত্যয় জানিয়েছেন তিনি।  

শুক্রবার জাতির উদ্দেশে দেওয়া ভাষণের শুরুতেই তিনি বলেন, “চার বছর পর আজ আমরা গর্বভরে বলতে পারছি, নির্বাচনের প্রাক্কালে যেসব অঙ্গীকার আপনাদের কাছে দিয়েছিলাম, নানামুখী প্রতিবন্ধকতা ও সীমাবদ্ধতা সত্ত্বেও আমরা অধিকাংশ ক্ষেত্রে লক্ষ্য পূরণ করতে পেরেছি। কোনো কোনো ক্ষেত্রে লক্ষ্যের চেয়েও বেশি অর্জন করেছি।”

সরকারের চার বছর পূর্তি উপলক্ষে শুক্রবার সন্ধ্যা ৭টা থেকে প্রধানমন্ত্রীর এই  ভাষণ বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারে একযোগে সম্প্রচার করা হচ্ছে।

প্রধানমন্ত্রী তার বক্তব্যের শুরুতেই ২০০৮ সালের ২৯ শে ডিসেম্বরের সাধারণ নির্বাচনে আওয়ামী লীগকে বিপুল ভোটে বিজয়ী করায় জনগণের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

তিনি বলেন, “সামনের দিনগুলোতেও সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে সরকারের অগ্রযাত্রা অব্যাহত থাকবে।”

বিশ্ব অর্থনৈতিক মন্দার পরও বাংলাদেশের অর্থনীতি দৃঢ় অবস্থানে রয়েছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। তিনি বলেন, সামষ্টিক অর্থনীতির প্রতিটি সূচক ইতিবাচক ধারায় এগোচ্ছে। জাতিসংঘসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলো বাংলাদেশের আর্থ-সামাজিক অগ্রগতির ভূয়সী প্রশংসা করেছে।

“বিশ্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল”, বলেন প্রধানমন্ত্রী।

জাতিসংঘের সাধারণ পরিষদে ২০১১ সালে দেয়া ‘জনগণের ক্ষমতায়ন ও উন্নয়ন মডেল’ উত্থাপন এবং গত ডিসেম্বরে তা ১৯৩টি সদস্য রাষ্ট্রের সম্মতিতে পাস হওয়ার কথাও তুলে ধরেন প্রধানমন্ত্রী।

শেখ হাসিনা বলেন, “আমার কন্যা সায়মা হোসেন পুতুলের উদ্যোগে বিশ্বব্যাপী ‘অটিজম সচেতনতা’ সৃষ্টির লক্ষ্যে আরেকটি প্রস্তাব গত বছর জাতিসংঘ সাধারণ পরিষদে উত্থাপন করি। সেটিও গত মাসে সাধারণ পরিষদে গৃহীত হয়েছে। এটি বাংলাদেশের জন্য এক বিরল সম্মান।”

এসব অর্জনে সরকারের পাশাপাশি জনগণেরও অবদান রয়েছে মন্তব্য করে দেশবাসীকে অভিনন্দন জানান শেখ হাসিনা।

২০০৯ সালে সরকার গঠনের পর থেকে প্রতি বছর সরকারের বছরপূর্তিতে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে আসছেন শেখ হাসিনা।

২০১০ ও ২০১১ সালে ৬ জানুয়ারি এবং ২০১২ সালে ৫ জানুয়ারি জাতির উদ্দেশে ভাষণ দেন সরকার প্রধান। তবে এবার তিনি ভাষণ দিচ্ছেন বর্ষপূতির চার দিন পর।