২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামের ফ্লাইট না পেয়ে দুর্ভোগে আবুধাবিফেরত যাত্রীরা

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের আবুধাবি থেকে ঢাকা হয়ে চট্রগ্রামগামী একটি উড়োজাহাজ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে থাকায় দুর্ভোগে পড়েছেন যাত্রীরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 11:02 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

বিমান কর্তৃপক্ষ চট্টগ্রামে পৌঁছানোর ব্যবস্থা না করা পর্যন্ত বিমান থেকে নামতে অস্বীকৃতি জানিয়েছেন যাত্রীরা।

শুক্রবার সকাল সাড়ে ৬টায় আবুধাবি থেকে ঢাকা রওয়ানা হয় বিমানের বিজি-০২৮ ফ্লাইটটি। দুপুর ১২ টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রী নামানোর পরে চট্রগ্রাম যাওয়ার কথা ছিল ওই বিমানের।

ওই ফ্লাইটের চট্রগ্রামগামী যাত্রী বসর বিকাল ৪টায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “শুক্রবার দুপুরে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইটটি অবতরন করার আগ মুহুর্তে জানানো হয় অন্য একটি উড়োজাহাজে পাঁচ মিনিটের মধ্যে আমাদের চট্রগ্রাম নিয়ে যাওয়া হবে। কিন্তু এখানে নামার পরে এখন পর্যন্ত আমাদের পাঠানোর কোনো ব্যবস্থা করা হয় নি।”

“আমরা প্রায় দুইশ’ জনের মতো যাত্রী এখনো উড়োজাহাজটিতে বসে আছি। নারী ও শিশুরা অনেক কষ্ট পাচ্ছেন। বিমানের কেউই আমাদের কোন কথা শুনছে না”, ক্ষোভ প্রকাশ করেন তিনি।

এ বিমানের আরেক যাত্রী জাহেদ জানান, বৃহস্পতিবার রাত দুটোয় ছাড়ার কথা থাকলেও বিমানটি ওড়ে শুক্রবার সকার সাড়ে ছয়টায়।

চট্টগ্রামে যাওয়ার বিমানের ব্যবস্থা না করা পর্যন্ত তারা উড়োজাহাজ থেকে নামবেন না বলে যাত্রীরা সিদ্ধান্ত নিয়েছে বলে তিনি জানান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের জনসংযোগ বিভাগের ব্যবস্থাপক খান মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সন্ধ্যা ৮টা ১০ এ আটকে পড়া ওই যাত্রীদের বিজি-০৩৭ ফ্লাইটে করে চট্রগ্রাম পৌছে দেওয়া হবে।”

তবে কি কারণে বিমানটি আটকে পড়েছে এ ব্যাপারে কিছু বলতে পারেননি তিনি।

“আজ ছুটি হওয়ায় আমি সঠিক বলতে পারছি না। অনেক কারন থাকতে পারে, আমাদের তো এমনিতেই উড়োজাহাজ সংকট রয়েছে। এমনও হতে পারে, ছোট উড়োজাহাজ ব্যবহার করা হতে পারে।”