২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মাগুরায় পরিবার পরিকল্পনা কর্মকর্তার অপসারণ দাবি

দুর্নীতির অভিযোগে মাগুরার শ্রীপুর উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. এস এম আল কামালের অপসারণের দাবি জানিয়েছেন ওই দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

মাগুরা প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 10:37 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

শুক্রবার সকালে উপজেলা পরিবার পরিকল্পনা বিভাগের শতাধিক কর্মকর্তা-কর্মচারী স্থানীয় সাংসদের বাসভবনের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেন।

বিক্ষোভকারীদের মধ্যে ডা. মোল্লা সাহাদত হোসেনসহ অনেকের অভিযোগ, যেকোনো কাজের জন্য এস এম আল কামাল ওই দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের কাছ থেকে টাকা আদায় করেন। এতে তারা অতীষ্ঠ। তাই তার অপসারণ চান।

তাদের অভিযোগ, এস এম আল কামাল মাতৃত্বকালীন ছুটির জন্য এক হাজার, জিপিএফ ফান্ডের ঋণের জন্য পাঁচ হাজার, বেতন বন্ধ করে রেখে তা ছাড়াতে দুই হাজর টাকা হিসাবে ঘুষ নেন।

ডা. শফিউদ্দিন মোল্লা বলেন, টিএ বিল, স্যাটেলাইট বিল, পরিচলনা বিলসহ সবকিছুতেই ৪০ শতাংশ কমিশন না দিলে পাশ করেন না।

তিনি নিজের ইচ্ছামতো অফিস করেন। কর্মকর্তা কর্মচারীদের সঙ্গে অশালীন আচরণ করেন। তাদের সবসময় শোকজ করে  ভীতির মধ্যে রাখেন বলেও জানান তিনি।

সমাবেশ শেষে তারা সাংসদ এম এস আকবরের কাছে এক স্মারকলিপিতে এস এম আল কামালের অনিয়ম-দুর্নীতির তথ্য তুলে ধরে স্মারকলিপি পেশ করেন।

সাংসদ আকবর বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেয়ার আশ্বাস দেন।

এ ব্যাপরে ডা. এস এম আল কামালকে জিজ্ঞাসা করলে তিনি বলেন, “আমি এ ব্যাপারে জবাব দিতে বাধ্য নই।