২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শীতের দাপট চলবে আরো দুদিন

সারাদেশের তাপমাত্রা কিছুটা বাড়তে শুরু করলেও প্রায় এক সপ্তাহ ধরে চলতে থাকা মৌসুমের তৃতীয় শৈত্যপ্রবাহ আরো দুদিন স্থায়ী হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Jan 2013, 07:10 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

শুক্রবার সকালে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয় সৈয়দপুরে। আর ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৮ ডিগ্রি সেলসিয়াস।

বৃহস্পতিবার সৈয়দপুরের তাপমাত্রা ৩ ডিগ্রি সেলসিয়াসে নেমে আসে, যা চার দশকের মধ্যে দেশের সর্বনিম্ন তাপমাত্রা। আর ঢাকার তাপমাত্রা নেমেছিল ৭ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

এর আগের দিন বুধবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় দিনাজপুরে, ৩ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। ১৯৬৮ সালে শ্রীমঙ্গলে দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল ২ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

আবহাওয়া অধিদপ্তরের উপ পরিচালক শাহ আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সারা দেশে তাপমাত্রা বাড়তে শুরু করেছে। তবে শৈত্যপ্রবাহ কাটতে আরো দুই দিন লাগতে পারে।”

আগের পূর্বাভাস অনুযায়ী জানুয়ারি মাসের শেষদিকে আরো একটি শৈত্যপ্রবাহ হতে পারে বলে জানান তিনি।

গত ডিসেম্বরে দেশের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি দুটি শৈত্যপ্রবাহ বয়ে যায়। তাতে শীতের তীব্রতায় ছিন্নমূল মানুষের দুর্ভোগ চরমে ওঠে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বর্তমানে পাবনা, দিনাজপুর, সৈয়দপুর, টাঙ্গাইল ও কুষ্টিয়া অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে) এবং রাজশাহী, রংপুর, যশোর, শ্রীমঙ্গল ও ঢাকা বিভাগের কিছু এলাকায় মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ (তাপমাত্রা ৮-৬ ডিগ্রি সেলসিয়াস) বয়ে যাচ্ছে।

শীতের কারণে অনেকেই ডায়রিয়া ও নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন, যাদের অধিকাংশই শিশু।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে বৃহস্পতিবার বিকাল থেকেই শীতে কষ্ট পাওয়া রাজধানীর ছিন্নমূল মানুষদের রাজধানীর পাঁচটি এলাকায় আশ্রয় কেন্দ্রে নেয়ার কাজ শুরু হয়েছে। শীতে কাবু উত্তর জনপদেও সরকারিভাবে নেয়া হয়েছে নানা উদ্যোগ।  

আবহাওয়া অধিদপ্তরের ৮ থেকে ১৪ জানুয়ারি পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়, এ সপ্তাহে আকাশ আংশিক মেঘলাসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। শেষ রাত থেকে দুপুর পর্যন্ত রংপুর, ঢাকা, সিলেট ও রাজশাহী বিভাগে এবং দেশের নদী অববাহিকায় মাঝারি থেকে ঘন কুয়াশা হতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা হতে পারে দেশের অন্যান্য এলাকাতেও।

এই শীতে বোরো বীজতলা ও গোল আলুর আবাদ রক্ষার জন্য কৃষকদের প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার পরামর্শ দিয়েছেন আবহাওয়াবিদ ও কৃষিবিদরা।