‘বাধা এলেও অনশন চলবে’
জাতীয় প্রেসক্লাব ও কেন্দ্রীয় শহীদ মিনারে পুলিশি বাধার কারণে বৃহস্পতিবার অনশনে বসতে না পারলেও শুক্রবার পুনরায় কর্মসূচি শুরুর ঘোষণা দিয়েছে এমপিওভুক্তির দাবিতে আন্দোলনরত বেসরকারি প্রতিষ্ঠানের শিক্ষকরা।
ননএমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. এশারত আলী বৃহস্পতিবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যতই বাধা দেয়া হোক, আমরা অনশন চালিয়ে যাব।”
“প্রেসক্লাবের সামনে পুলিশ বাধা দেয়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন করেছি। সেখানে আমাদের পুলিশ পিটুনি দিয়েছে, তাই সরে এসেছি। শুক্রবার সকাল ১০টা থেকে শহীদ মিনারে আবারো অনশন শুরু করা হবে।”
এমপিও দাবিতে কয়েকশ শিক্ষক-কর্মচারী চারদিন ধরে ঢাকায় রাজপথে অংশ নেয়া এই শিক্ষকরা বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে অনশন করতে গেলে পুলিশ তাদের বাধা দেয়।
পুলিশি বাধায় শিক্ষকরা কেন্দ্রীয় শহীদ মিনারে অনশন শুরু করলে শিক্ষকদের ওপর মরিচের গুঁড়ো ছিটিয়ে (পিপার স্প্রে) কর্মসূচি পণ্ড করে দেয়।
শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, “হাই কোর্টের নির্দেশনা অমান্য করে শহীদ মিনারের বেদিতে অবস্থান করায় তাদের সরিয়ে দেয়া হয়েছে।”
এশারত আলী বলেন, “শহীদ মিনারে বাধা দিলে সোহরাওয়ার্দী উদ্যানে যাব। সেখানেও আমাদের পেটালে অন্য স্থানে গিয়ে অনশনে বসব। দাবি আদায় না হওয়া পর্যন্ত অনশন চলবেই।”
“সরকার আমাদের এমপিও না দিক, টিয়ার গ্যাস, মরিচের গুঁড়ো মারতেও তো তাদের খরচ হচ্ছে। আমরা আন্দোলন থেকে সরব না। দেখা যাক কী অবস্থা দাঁড়ায়,” বলেন এই শিক্ষক নেতা।
শহীদ মিনারে পুলিশের মরিচের গুঁড়ো ছিটানোর পর পাঁচ থেকে ছয় শতাধিক শিক্ষক-কর্মচারী সেখান থেকে পালিয়ে যান। মরিচের স্প্রের কবলে পড়েন সময় টেলিভিশনের প্রতিবেদক রামিম হাসানও।
তিনি সাংবাদিকদের বলেন, “মরিচের গুঁড়ো স্প্রে করার পর চোখে জ্বালাপোড়া হচ্ছে সবচেয়ে বেশি। চোখের সঙ্গে সঙ্গে সারা শরীরেও জ্বালাপোড়া হচ্ছে।”
আন্দোলনকারী শিক্ষক মো. কাওসার আলী জানান, এমপিওভুক্তির দাবি জানাতে তিনি এসেছেন রাজশাহী থেকে। সেখানকার হাবিবপুর আলিম মাদ্রাসার প্রভাষক তিনি।
“১২ থেকে ১৩ বছর ধরে আমরা বিনাবেতনে শিক্ষকতা করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকা ছাড়ব না।”
শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়তে পারে বলে আশঙ্কা থাকলেও মরিচের গুঁড়ো ছিটানোর কথা ভাবেননি বলে জানান তিনি।
আরেক শিক্ষক সিরাজগঞ্জের রাশেদুল হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ এসে দুপুর ২টার মধ্যে শহীদ মিনার থেকে সরে যেতে বলে। তাদের বেঁধে দেয়া সময় পার হওয়ার সঙ্গে সঙ্গেই মরিচের গুঁড়ো স্প্রে করা হয়।
ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ এশারত আলী বলেন, সকালে প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীরা জড়ো হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। অনেক শিক্ষককে থানায় ধরে নিয়ে যেতে চায়।
“ভয়ে অনেক শিক্ষকই প্রেসক্লাবের সামনে আসেননি। শিক্ষকরা জাতি গড়ার কারিগর। আমরা তো আর পুলিশের সঙ্গে মারামারি করতে পারি না। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাব না।”
নন এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে গত সোমবার থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষক জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন।
বুধবার আন্দোলনের তৃতীয় দিনে শিক্ষক-কর্মচারীদের শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্যসহ বেশ কয়েক জন শিক্ষক আহত হন। এদের মধ্যে কয়েক শিক্ষককে জনকে হাসপাতালে ভর্তি করা হয়।
পুলিশি হামলার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে অমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষকরা।
এর আগে গত মঙ্গলবার শিক্ষক-কর্মচারীদের শিক্ষাভবন ঘেরাও কর্মসূচিতেও বাধা দেয় পুলিশ। ওইদিনও শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।
শিক্ষকরা জানান, স্বীকৃতিপ্রাপ্ত প্রায় সাত হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর অপেক্ষায় আছে। এসব প্রতিষ্ঠানে এক লাখের মতো শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।
এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর দাবিতে দীর্ঘ দিন থেকেই আন্দোলন করছিলেন প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষকরা। গত মে মাসে এ নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বৈঠকও হয়।
পরবর্তীতে ৫ সেপ্টেম্বর শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গেও বৈঠক করেন তারা। ১ সেপ্টেম্বর তাদের আন্দোলনে কর্মসূচিতে লাঠিপেটা করে পুলিশ।
প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলে আশ্বাস দেয়ার পর কর্মসূচি স্থগিত করেন শিক্ষকরা। যদিও ওই বৈঠক পরে স্থগিত করা হয়।
এরপর গত ৩০ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে দাবি মেনে নিতে সরকারকে ৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন শিক্ষকরা। এর মধ্যে দাবি আদায় না হওয়ায় সোমবার থেকে ফের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।
