২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শহীদ মিনারেও শিক্ষকদের কর্মসূচিতে বাধা

প্রেসক্লাবের পর কেন্দ্রীয় শহীদ মিনারেও নন এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে আন্দোলনরত শিক্ষকদের কর্মসূচি পণ্ড করে দিয়েছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 07:26 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

বৃহস্পতিবার দুপুরে শহীদ মিনারের বেদিতে আমরণ অনশন শুরু করা শিক্ষকদের ওপর মরিচের গুড়া ছিটিয়ে (পিপার স্প্রে) সেখান থেকে তাদের সরিয়ে দেয় পুলিশ।

এর আগে সকালে প্রেসক্লাবের সামনে কর্মসূচি পালনে বাধা পেয়ে শহীদ মিনারে যান শিক্ষকরা। সেখানে বেদিতে শুয়ে বসে পূর্ব ঘোষিত আমরণ অনশন কর্মসূচি শুরু করে নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোট।

এর পর শিক্ষক-কর্মচারীদের ছত্রভঙ্গ করতে মরিচের গুড়া ছিটায় শাহবাগ থানা পুলিশ।

এ বিষয়ে শাহবাগ থানার ওসি সিরাজুল ইসলাম বলেন, “হাইকোর্টের নির্দেশনা অমান্য করে শহীদ মিনারের বেদিতে অবস্থান করায় তাদের সরিয়ে দেয়া হয়েছে।”

পুলিশের মরিচের গুড়া ছিটানোর পর পাঁচ থেকে ছয় শতাধিক শিক্ষক-কর্মচারী সেখান থেকে পালিয়ে যান। মরিচের স্প্রের কবলে পড়েন সময় টেলিভিশনের প্রতিবেদক রামিম হাসানও।

সাংবাদিকদের তিনি বলেন, “মরিচের গুড়া স্প্রে করার পর চোখে জ্বালাপোড়া হচ্ছে সবচেয়ে বেশি। চোখের সঙ্গে সঙ্গে সারা শরীরেও জ্বালাপোড়া হচ্ছে।”

আন্দোলনকারী শিক্ষক মো. কাওসার আলী জানান, এমপিওভুক্তির দাবি জানাতে তিনি এসেছেন রাজশাহী থেকে। সেখানকার হাবিবপুর আলিম মাদ্রাসার প্রভাষক তিনি।

“১২ থেকে ১৩ বছর ধরে আমরা বিনাবেতনে শিক্ষকতা করছি। দাবি আদায় না হওয়া পর্যন্ত ঢাকা ছাড়বো না।”

শিক্ষকদের ছত্রভঙ্গ করতে পুলিশ কাঁদানে গ্যাস ছুড়তে পারে বলে আশঙ্কা থাকলেও মরিচের গুড়া স্প্রে করার কথা ভাবেননি বলে জানান তিনি।

আরেক শিক্ষক সিরাজগঞ্জের রাশেদুল হাসান বলেন, পুলিশ এসে দুপুর ২টার মধ্যে শহীদ থেকে সরে যেতে বলে। তাদের বেধে দেয়া সময় পার হওয়ার সাথে সাথেই মরিচের গুড়া স্প্রে করা হয়।

নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক কর্মচারী ঐক্যজোটের সভাপতি অধ্যক্ষ মো. এশারত আলী বলেন, সকালে প্রেসক্লাবের সামনে শিক্ষক-কর্মচারীরা জড়ো হলে পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। অনেক শিক্ষককে থানায় ধরে নিয়ে যেতে চায়।

“ভয়ে অনেক শিক্ষকই প্রেসক্লাবের সামনে আসেননি। শিক্ষকরা জাতি গড়ার কারিগর। আমরা তো আর পুলিশের সঙ্গে মারামারি করতে পারি না। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত কেউ ঘরে ফিরে যাব না।”

নন এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে গত সোমবার থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের কয়েকশ’ শিক্ষক জাতীয় প্রেসক্লাবের সামনে আন্দোলন করেন।

বুধবার আন্দোলনের তৃতীয় দিনে শিক্ষক-কর্মচারীদের শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালনের সময় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এতে পুলিশ সদস্যসহ বেশ কয়েক জন শিক্ষক আহত হন। এদের মধ্যে কয়েক শিক্ষককে জনকে হাসপাতালে ভর্তি করা হয়।

শিক্ষকদের উপর পুলিশি ‘হামলার’ প্রতিবাদে বৃহস্পতিবার থেকে অমরণ অনশন কর্মসূচি ঘোষণা করেন আন্দোলনরত শিক্ষকরা।

এর আগে গত মঙ্গলবার শিক্ষক-কর্মচারীদের শিক্ষাভবন ঘেরাও কর্মসূচিতেও বাধা দেয় পুলিশ। ওইদিনও শিক্ষকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে।

শিক্ষকরা জানান, স্বীকৃতিপ্রাপ্ত প্রায় সাত হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর অপেক্ষায় আছে। এসব প্রতিষ্ঠানে এক লাখের মতো শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।

এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর দাবিতে দীর্ঘ দিন থেকেই আন্দোলন করছিলেন প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষকরা। গত মে মাসে এ নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বৈঠকও হয়।

পরবর্তীতে ৫ সেপ্টেম্বর শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গেও বৈঠক করেন তারা। ১ সেপ্টেম্বর তাদের আন্দোলনে কর্মসূচিতে লাঠিপেটা করে পুলিশ।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলে আশ্বাস দেয়ার পর কর্মসূচি স্থগিত করেন শিক্ষকরা। যদিও ওই বৈঠক পরে স্থগিত করা হয়।

এরপর গত ৩০ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে দাবি মেনে নিতে সরকারকে ৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন শিক্ষকরা। এর মধ্যে দাবি আদায় না হওয়ায় সোমবার থেকে ফের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

পুরনো খবর:

এমপিওভুক্তির আন্দোলনরত শিক্ষকদের ওপর চড়াও পুলিশ