২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এমপিওভুক্তির আন্দোলনরত শিক্ষকদের ওপর চড়াও পুলিশ

নন এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে তৃতীয় দিনের মতো বিক্ষোভরত শিক্ষকদের সঙ্গে পুলিশের সংঘর্ষ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Jan 2013, 06:55 AM

Updated : 23 Aug 2022, 10:01 AM

সংঘর্ষে অর্ধশতাশিক শিক্ষক আহত হয়েছেন বলে দাবি করেছেন আন্দোলনরত শিক্ষকদের জোট নন এমপিও শিক্ষা প্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের সভাপতি এশারত আলী। হামলার প্রতিবাদে বৃহস্পতিবার থেকে আমরণ অনশন কর্মসূচির ঘোষণা করেছেন শিক্ষক-কর্মচারীরা।

পূর্ব ঘোষিত কর্মসূচি অনুযায়ী বুধবার দুপুর সোয়া ১টার দিকে শিক্ষকরা বিক্ষোভ মিছিল নিয়ে শিক্ষা ও অর্থ মন্ত্রণালয় ঘেরাও করতে যায়। আগে থেকেই সচিবালয় সংলগ্ন প্রেসক্লাবের পাশের রাস্তায় ব্যারিকেড দিয়ে বিপুল সংখ্যক র‌্যাব-পুলিশ সেখানে অবস্থান নেয়। প্রেসক্লাবের আশেপাশেও মোতায়েন করা হয় অতিরিক্ত পুলিশ।

শিক্ষকরা ব্যারিকেড ভাঙার চেষ্টা পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শিক্ষকরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে।পুলিশ টিয়ার গ্যাস সেল, রাবার বুলেট এবং মরিচের গুঁড়ার (পিপার) স্প্রে করে শিক্ষকদের ছত্রভঙ্গ করে দেয়।

টিয়ার গ্যাসের কারণে এক পর্যায়ে পুলিশ-র‌্যাব প্রেসক্লাবের পাশের রাস্তা থেকে সরে এলে শিক্ষকরা ব্যরিকেড ভেঙে পুলিশকে ধাওয়া করে। এ সময় পুলিশ শিক্ষকদের লাঠিপেটা ও টিয়ার শেল নিক্ষেপ করে ছত্রভঙ্গ করে দেয়।

শিক্ষকরা বিক্ষিতভাবে প্রেসক্লাবের সামনে জড়ো হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের ওপর চড়াও হয়। মরিচের গুড়ার স্পে করে তাদের সরিয়ে দেয়া হয়। কয়েক শিক্ষককে লাঠিপেটাও করতেও দেখা গেছে। দুপুরের পর থেকে প্রেসক্লাব এলাকা নিয়ন্ত্রণে নেয় র‌্যাব-পুলিশ।

এর আগে সকাল সাড়ে ১০টা থেকে প্রেসক্লাবের সামনের সড়ক অবরোধ করে তৃতীয় দিনের মত বিক্ষোভ শুরু করে শিক্ষক-কর্মচারীরা। এতে প্রেসক্লাবের আশেপাশের এলাকায় সকাল থেকেই যান চলাচল বন্ধ হয়ে যায়। দাবি মেনে না নেওয়া পর্ন্তত আন্দোলন চলবে বলে সমাবেশে ঘোষণা করেন শিক্ষক নেতারা।

বিকাল ৩টার দিকে কয়েকজন শিক্ষক প্রেসক্লাবের পাশে জড়ো হয়ে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ ও অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের কুশপুত্তলিকায় আগুন দেয়।

আন্দোলনরত শিক্ষকদের সভাপতি এশারত আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “র‌্যাব-পুলিশের হামলা, রাবার বুলেট ও টিয়ারগ্যাসে অর্ধশতাধিক শিক্ষক আহত হয়েছেন। এদের মধ্য থেকে কয়েক জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।”

পুলিশের রমনা জোনের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম সাংবাদিকদের জানান, শিক্ষকরা ব্যারিকেড ভেঙে সচিবালয়ের দিকে যেতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় শিক্ষকরা ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ টিয়ার গ্যাস শেল ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।

শিক্ষকদের ছোড়া ইটপাটকেলে বেশ কয়েক জন পুলিশ সদস্য আহত হয়েছেন জানিয়ে তিনি বলেন, একজন পুলিশ সদস্যদের হাত ভেঙ্গে গেছে। অনেকেই মারাত্মক আহত হয়েছেন। তবে কতজন পুলিশ আহত হয়েছেন তাৎক্ষনিকভাবে জানাতে পারেননি তিনি।

নুরুল ইসলাম বলেন, “পুলিশের ওপর তারা যেভাবে হামলা করেছে এতে মনে হয়েছে তারা জামায়াত-শিবিরের কর্মী। সাম্প্রতিক সময়ে পুলিশের ওপর জামায়াত-শিবিরের হামলার সঙ্গে এই হামলার মিল রয়েছে।”

বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের(বাসদ) কার্যালয়ে সংবাদ সম্মেলনে বৃহস্পতিবারের আমরণ অনশনের কর্মসূচি ঘোষণা করে আন্দোলনরত শিক্ষকদের সাধারণ সম্পাদক তাপস কুমার কুণ্ডু বলেন, “এই আন্দোলনের পেছনে কোনো রাজনৈতিক ইন্ধন নেই।আন্দোলন বন্ধ করে দিতে শিক্ষকদের মধ্যে টোকাই ঢুকিয়ে দিয়ে পুলিশের ওপর ইটপাটকেল নিক্ষেপ করা হয়েছে।”

“পুলিশের ওপর হামলার ঘটনায় শিক্ষকরা জড়িত থাকলে তাদের চিহ্নিত করে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।”

এর আগে শিক্ষক-কর্মচারীদের মঙ্গলবারের শিক্ষাভবন ঘেরাও কর্মসূচিতেও বাধা দিয়েছিল পুলিশ। প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল নিয়ে শিক্ষকরা শিক্ষা ভবনের ব্যারিকেড ভেঙে এগোনোর চেষ্টা করলে তাদের ওপর মরিচের গুঁড়োর স্প্রে করা হয়। এ সময় পুলিশের সঙ্গে তাদের কয়েক দফা ধাওয়া পাল্টা ধাওয়াও হয়।

শিক্ষকরা জানান, স্বীকৃতিপ্রাপ্ত প্রায় সাত হাজার শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওর অপেক্ষায় আছে। এসব প্রতিষ্ঠানে এক লাখের মতো শিক্ষক-কর্মচারী কর্মরত রয়েছেন।

এসব শিক্ষা প্রতিষ্ঠান এমপিওর দাবিতে দীর্ঘ দিন থেকেই আন্দোলন করছিলেন প্রতিষ্ঠানগুলোতে কর্মরত শিক্ষকরা। গত মে মাসে এ নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আন্দোলনরত শিক্ষকদের বৈঠকও হয়।

পরবর্তীতে ৫ সেপ্টেম্বর শিক্ষা সচিব কামাল আবদুল নাসের চৌধুরীর সঙ্গেও বৈঠক করেন তারা। ১ সেপ্টেম্বর তাদের আন্দোলনে কর্মসূচিতে লাঠিপেটা করে পুলিশ।

প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে শিক্ষকদের সঙ্গে প্রধানমন্ত্রী বৈঠক করবেন বলে আশ্বাস দেয়ার পর কর্মসূচি স্থগিত করেন শিক্ষকরা। যদিও ওই বৈঠক পরে স্থগিত করা হয়।

এরপর গত ৩০ ডিসেম্বর এক সংবাদ সম্মেলনে দাবি মেনে নিতে সরকারকে ৫ জানুয়ারি পর্যন্ত সময় বেঁধে দেন শিক্ষকরা। এর মধ্যে দাবি আদায় না হওয়ায় সোমবার থেকে ফের লাগাতার অবস্থান কর্মসূচি শুরু করেন তারা।

নন এমপিও স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি প্রতিষ্ঠান এমপিওভুক্ত করার দাবিতে গত সোমবার থেকে প্রেসক্লাবের সামনে লাগাতার বিক্ষোভ কর্মসূচি পালন করছেন দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের কয়েকশ শিক্ষক-কর্মচারী।