অপহৃত ব্যবসায়ী উদ্ধার, গ্রেপ্তার ৫
অপহরণের দুদিন পর নেত্রকোনার সীমান্তবর্তী পাহাড়ি এলাকা থেকে এক ব্যবসায়ীকে উদ্ধার করেছে পুলিশ। ঘটনায় জড়িত থাকার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে পাঁচ জনকে।
বৃহস্পতিবার ভোর রাতে কলমাকান্দা উপজেলার কানাছড়া এলাকা থেকে ব্যবসায়ী শেখ সাদীকে উদ্ধার করা হয়।
রড-সিমেন্ট ব্যবসায়ী শেখ সাদী গত সোমবার রাতে জেলার সদর থানার সিধলী গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে অপহৃত হন। অপহরণকারীরা তার পরিবারের কাছে দুই কোটি টাকা মুক্তিপণ দাবি করে।
এ ঘটনায় মঙ্গলবার ব্যবসায়ীর বোন বিলকিস আক্তার সদর মডেল থানায় একটি মামলা করেন।
নেত্রকোনা সদর মডেল থানার ওসি আজিজজুর রহমান জানান, প্রথমে গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে সুনামগঞ্জের মধ্যনগর থানার কালাগর এলাকা থেকে প্রথমে তিন অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
পরে তাদের স্বীকারোক্তি অনুযায়ী কলমাকান্দার সীমান্তবর্তী কানাছড়া এলাকা থেকে ব্যবসায়ী শেখ সাদীকে উদ্ধার করা হয়। এ সময় আরো দুই অপহরণকারীকে গ্রেপ্তার করে পুলিশ।
গ্রেপ্তারকৃত পাঁচ জন হলেন- সাদির আলী (৪০), মোফাজ্জল হোসেন (৩৫), রফিকুল ইসলাম (২৮), জামাল হোসেন (৪৫), মুনসুর আলী (৬০)। এদের বাড়ি কলমাকান্দা ও মধ্যনগন থানায়।
