২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘উপনির্বাচনে অংশ নিতে পারছেন না জালাল’

চট্টগ্রাম-১২ আসনের উপনির্বাচনে জালালউদ্দিন আহমেদ চৌধুরীকে প্রতীক বরাদ্দে হাই কোর্টের আদেশ স্থগিত করেছে আপিল বিভাগ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 10:03 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

বৃহস্পতিবার প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেনের নেতৃত্বে ছয় সদস্যের বেঞ্চ এই আদেশ দেয়।

এর ফলে জালালউদ্দিন নির্বাচনে অংশ নিতে পারছেন বলে আইনজীবীরা জানিয়েছেন।

আওয়ামী  লীগের সভাপতিমণ্ডলীর সদস্য এবং পাট ও বস্ত্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি আখতারুজ্জামান বাবুর মৃত্যুতে শূন্য হওয়া চট্টগ্রাম-১২ আসনে উপ-নির্বাচনের জন্য ১৭ জানুয়ারি দিন রেখে গত ৪ নভেম্বর তফসিল ঘোষণা করে নির্বাচন কমিশন।

গত ২০ ডিসেম্বর জালাল উদ্দিন আহমেদ  মনোয়নপত্র দাখিল করেন। পরে চট্টগ্রাম আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তা ২৩ ডিসেম্বর ওই মনোনয়নপত্র বাতিল করেন।

জালালউদ্দিনের প্রার্থিতা বাতিলের পর ওইদিন নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হয়, এক শতাংশ ভোটারের সমর্থন সম্বলিত স্বাক্ষর জমা দেয়ার শর্ত পূরণ করতে না পারায় তার প্রার্থিতা বাতিল করা হলো।

এই আদেশের বিরুদ্ধে আপিল করলে ২৭ ডিসেম্বর প্রধান নির্বাচন কমিশনারের নেতৃত্বে নির্বাচন কমিশন তা খারিজ করে দেয়। ওই আদেশের বৈধতা চ্যালেঞ্জ করে ২ জানুয়ারি হাই কোর্টে এই রিট আবেদন করা হয়।

গত ৭ জানুয়ারি বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি জাফর আহমেদের বেঞ্চ জালালউদ্দিনের প্রার্থিতা বাতিল করে নির্বাচন কমিশন গত ২৭ ডিসেম্বর যে আদেশ দিয়েছিল- তা কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করে।

একই সঙ্গে নির্বাচন কমিশনের ওই সিদ্ধান্ত তিন মাসের জন্য স্থগিত করে জালালউদ্দিনকে বৈধ প্রার্থী ঘোষণা করে আদালত। তাকে নির্বাচনী প্রতীক বরাদ্দের জন্য চট্টগ্রামের আঞ্চলিক নির্বাচনী কর্মকর্তাকেও নির্দেশ দেয়া হয়।

এই আদেশ স্থগিত চেয়ে চেম্বার বিচারপতির আদালতে আবেদন করে নির্বাচন কমিশন। পরে চেম্বার বিচারপতি স্থগিত না করে তা আপিল বিভাগের পূর্ণাঙ্গ আদালতে পাঠিয়ে দেন।

আদালতে নির্বাচন কমিশনের পক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল এম কে রহমান এবং জালালউদ্দিনের পক্ষে ব্যারিস্টার রফিক-উল হক শুনানি করেন।

পরে এম কে রহমান বলেন, আপিল বিভাগ হাই কোর্টের আদেশ স্থগিত করে দিয়েছেন। ফলে তিনি আর নির্বাচনে অংশ নিতে পারবেন না।