২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩২তম বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ

বত্রিশতম বিশেষ বিসিএসের চূড়ান্ত ফল প্রকাশ করেছে বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (পিএসসি), যাতে ২ হাজার ৫৯২ জন উত্তীর্ণ হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 09:36 AM

Updated : 23 Aug 2022, 10:02 AM

এদের মধ্যে ১ হাজার ৬৮০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগ দেয়ার জন্য চূড়ান্তভাবে মনোনীত করা হয়েছে। আর বাকিদের ‘পদ খালি থাকা সাপেক্ষে’ বিভিন্ন নন ক্যাডার পদে নিয়োগ দেয়া যেতে পারে বলে পিএসসি সুপারিশ করেছে।       

কমিশনের জনসংযোগ কর্মকর্তা মীর মোশাররফ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার পর কমিশনের ওয়েবসাইটে (www.bpsc.gov.bd) চূড়ান্ত ফল পাওয়া যাচ্ছে।

এছাড়া যে কোনো মোবাইল ফোন থেকে ফল জানতে BCS লিখে স্পেস দিয়ে ৩২ লিখে স্পেস দিয়ে রেজিস্ট্রেশন নম্বর লিখে ১৬২২২ নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসে ফল জানানো হবে।

গত বছরের ৯ মার্চ ৩২তম বিশেষ বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষায় ২৪ হাজার ৫৬২ জন অংশ নিয়ে লিখিত পরীক্ষার জন্য ১০ হাজার ৮০৮ জন উত্তীর্ণ হন।

গত ১১ থেকে ১৯ জুন বিশেষ বিসিএসের আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষায় উত্তীর্ণ হন দুই হাজার ৭৮৮ জন প্রার্থী।

এক হাজার ৪৮৯টি শূন্য পদে লোক নিয়োগ দিতে ২০১১ সালের ১৯ অক্টোবর ৩২তম বিশেষ বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি।

এই বিসিএসের মাধ্যমে মুক্তিযোদ্ধা কোটায় এক হাজার ১৫৮ জন, নারী কোটায় ১৩০ জন এবং উপজাতি কোটায় ২০১ জনকে নিয়োগ দেয়ার কথা বলা হয়েছিল বিজ্ঞপ্তিতে।