বরিশালে যুবকের লাশ উদ্ধার
বরিশালের মেহেন্দীগঞ্জ উপজেলায় পুকুর থেকে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
বৃহস্পতিবার সকালে মেহেন্দীগঞ্জ পৌরসভার পাতারহাট মুসলিম মাধ্যমিক বিদ্যালয়ের পাশের পুকুর থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আকিল (১৯) মেহেন্দিগঞ্জের অম্বিকাপুর এলাকার দুলাল হোসেন রাড়ীর ছেলে। মটরসাইকেল মেরামতের কাজ করতেন তিনি।
মেহেন্দীগঞ্জ থানার উপ-পরিদর্শক (এসআই) অসীম সিকদার জানান, স্থানীয় কয়েক যুবকের সঙ্গে সোমবার রাতে ওই বিদ্যালয়ের মাঠে পিকনিক করতে যায় আকিল। এরপর তার কোনো খবর পাওয়া যায়নি।
সকালে মাঠের পাশের পুকুরের পানিতে আকিলের স্যান্ডেল ভাসতে দেখে পুকুরে জাল ফেলে তার লাশ উদ্ধার করা হয়।
ময়নাতদন্তের জন্য লাশ বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান এসআই অসীম।
