২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাফিসের মামলার গতিপথ নির্ধারণ ফেব্রুয়ারিতে

নিউ ইয়র্কে সন্ত্রাসী হামলার পরিকল্পনার অভিযোগে গ্রেপ্তার কাজী মোহাম্মদ রেজওয়ানুল আহসান নাফিসের মামলা কীভাবে চলবে- তা ঠিক হবে আগামী ১৪ ফেব্রুয়ারি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

লাবলু আনসার, নিউইয়র্ক প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Jan 2013, 04:05 AM

Updated : 25 Apr 2022, 06:15 PM

২১ বছর বয়সী এই বাংলাদেশিকে বুধবার ব্রুকলীনে ইস্টার্ন ডিস্ট্রিক্ট ফেডারেল কোর্টে হাজির করা হলে এ মামলার গতি প্রকৃতি নিয়ে আইনজীবীদের মধ্যে যুক্তিতর্ক হয়। 

নাফিসের পক্ষে মামলা পরিচালনার দায়িত্বে থাকা যুক্তরাষ্ট্র সরকারের আইনজীবী হেইডি সিজার দাবি করেন, তার মক্কেল নির্দোষ।মামলাটি প্রচলিত আইনে দ্রুত নিস্পন্ন করার জন্য বিচারকের কাছে আবেদন জানান তিনি।

অন্যদিকে ফেডারেল আইনজীবী জেমস লুনাম বলেন, নাফিসের বিরুদ্ধে ওঠা অভিযোগ সন্ত্রাসবাদ আইনের মামলা হিসাবে বিবেচনা করে তার কঠোর শাস্তি নিশ্চিত করা হোক।

রাষ্ট্রপক্ষের আইনজীবী জেমস লুনাম আদালতকে বলেন, নাফিসের কাছ থেকে একটি অডিও ক্যাসেট উদ্ধার করা হয়েছে, যাতে আল কায়েদা নেতা আনোয়ার আল-আওয়ালকির বক্তব্য রয়েছে। ওই টেপের মাধ্যমে আওলাকি যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হবার আহবান জানিয়েছেন।

গত বছর জানুয়ারিতে শিক্ষা ভিসায় যুক্তরাষ্ট্রে আসার আগেই নাফিস ওই টেপ সংগ্রহ করে আলকায়েদাসহ বিভিন্ন সন্ত্রাসী সংগঠনের সাথে যোগাযোগ স্থাপন শুরু করেন এবং আমেরিকার ক্ষতিসাধনে বদ্ধপরিকর হয়ে ওঠেন বলেও আদালতে দাবি করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

২০১১ সালে ইয়েমেনে যুক্তরাষ্ট্রের বিমান হামলায় নিহত হন আনোয়ার আল আওয়ালকি।

ফেডারেল কোর্টের মুখপাত্র রবার্ট নারডোজা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আদালত দুই পক্ষের বক্তব্য শুনে এ বিষয়ে সিদ্ধান্ত জানানোর জন্য আগামী ১৪ ফেব্রুয়ারি দিন রেখেছে।

আদালতে নাফিসকে অনেকটাই বিমর্ষ দেখাচ্ছিল। শুনানির সময় বাংলাদেশ দূতাবাসের দুই কূটনীতিবিদ আদালতে উপস্থিত ছিলেন।

গত ১৭ অক্টোবর কথিত ‘স্টিং অপারেশনের’ মাধ্যমে নাফিসকে গ্রেপ্তার করে নিউ ইয়র্ক পুলিশ ও এফবিআই। তারা জানায়, এই বাংলাদেশি যুবক এক হাজার পাউন্ড বিস্ফোরক দিয়ে ফেডারেল রিজার্ভ ভবন উড়িয়ে দেয়ার চেষ্টা করেছিল। কিন্তু তার ভ্যানে ‘সত্যিকারের বিস্ফোরক’ না থাকায় সেটি আর ফাটেনি।

নাফিসের বিরুদ্ধে চাঞ্চল্যকর এই মামলা চলবে কি না- সে সিদ্ধান্ত নেয়ার দায়িত্ব দেয়া হয় ব্রুকলিনের গ্র্যান্ড জুরিকে। গত ১৫ নভেম্বর গ্র্যান্ড জুরি নাফিসের বিরুদ্ধে তদন্ত কর্মকর্তাদের দেয়া অভিযোগপত্র অনুমোদন করে।

গত ২৮ নভেম্বর নাফিসকে ব্রুকলিন ইস্টার্ন ডিস্ট্রিক্ট কোর্টে জাহির করা হলে তিনি নিজেকে নির্দোষ দাবি করেন। তবে বিচারক তার জামিনের আবেদন নাকচ করে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নাফিসের বিরুদ্ধে ‘ব্যাপক ধ্বংসযজ্ঞ চালানোর জন্যে বিস্ফোরক ও আগ্নেয়াস্ত্র ব্যবহারের চেষ্টা’ এবং ‘একটি আন্তর্জাতিক সন্ত্রাসী সংগঠনকে সহায়তা করার চেষ্টা’র অভিযোগ আনা হয়েছে। দোষী সাব্যস্ত হলে তার যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে।