বঙ্গবন্ধুর দেশে ফেরার দিন
বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবস বরাবরের মতো এবারো নানা কর্মসূচির মধ্য দিয়ে পালন করছে আওয়ামী লীগ।
পাকিস্তানে বন্দিদশা থেকে মুক্ত হয়ে বিজয়ের ২৪ দিন পর ১৯৭২ সালের ১০ জানুয়ারি দেশে ফিরেছিলেন বাঙালির অবিসংবাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
১৯৭১ সালের ২৫ মার্চ বঙ্গবন্ধুকে তার ধানমন্ডির ৩২ নম্বর সড়কের বাসভবন থেকে পাকিস্তানি সেনারা আটক করে তৎকালীন পশ্চিম পাকিস্তানে নিয়ে যায়। ওই রাতেই বাংলাদেশের নিরস্ত্র মানুষের ওপর হামলা শুরু করে পাকিস্তানি সেনাবাহিনী।
১৯৭১ এর ২৬ মার্চ প্রথম প্রহরে পাকিস্তানি বাহিনীর হাতে গ্রেপ্তার হওয়ার পূর্বমুহূর্তে স্বাধীনতার ঘোষণা দিয়ে যান বঙ্গবন্ধু।
তার ডাকে বাঙালি ঝাঁপিয়ে পড়ে মুক্তি সংগ্রামে। দীর্ঘ নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর স্বাধীনতা লাভ করে বাংলাদেশ। এই নয় মাস বঙ্গবন্ধু পাকিস্তান বন্দি ছিলেন।
মুক্তিযুদ্ধে বিজয়ের পর বিশ্ব জনমতের চাপে ১৯৭২ সালের ৮ জানুয়ারি বঙ্গবন্ধুকে মুক্তি দিতে বাধ্য হয় পাকিস্তান সরকার। মুক্তির পর তিনি লন্ডন যান। সেখান থেকে ১০ জানুয়ারি দিলি¬ হয়ে ঢাকায় পৌঁছান তিনি।
লাখো জনতা তাদের প্রিয় নেতাকে তেজগাও বিমানবন্দর থেকে খোলা ট্রাকে করে তৎকালীন রেসকোর্স ময়দানে নিয়ে যায়। সেখানে সদ্য স্বাধীন জাতির উদ্দেশে বক্তব্য রাখেন বঙ্গবন্ধু।
দিনটি উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান এবং প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা বাণী দিয়েছেন।
রাষ্ট্রপতি তার বাণীতে বঙ্গবন্ধুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বলেন, “বঙ্গবন্ধু সেদিন সবাইকে সোনার বাংলা গড়ার ডাক দিয়েছিলেন। আমি আশা করি, দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ হয়ে কঠোর পরিশ্রমের মাধ্যমে আমরা সে লক্ষ্য অর্জনে সফল হব।”
শেখ হাসিনা তার বাণীতে বলেন, “তিনি (বঙ্গবন্ধু) ছিলেন মুক্তিযোদ্ধাদের প্রাণশক্তি। তার অবিসংবাদিত নেতৃত্বে বাঙালি জাতি মরণপণ যুদ্ধ করে বিজয় ছিনিয়ে আনে। পরাজিত পাকিস্তানি শাসকগোষ্ঠী বাধ্য হয় বঙ্গবন্ধুকে মুক্তি দিতে। এর মধ্য দিয়ে বাঙালির বিজয় পূর্ণতা লাভ করে।”
“কোনো অপশক্তি যাতে দেশের উন্নয়ন ও অগ্রযাত্রার এ ধারাকে ব্যাহত করতে না পারে, জাতির পিতার স্বদেশ প্রত্যাবর্তন দিবসে এই হোক আমাদের অঙ্গীকার।”
দিবসটি উপলক্ষে বৃহস্পতিবার সকাল সাড়ে ৬টায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়, বঙ্গবন্ধু ভবনসহ সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হবে। সকাল ৭টায় বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করা হবে।
বিকাল ৩টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরীর সভাপতিত্বে বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আলোচনা সভায় প্রধান অতিথি থাকবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
