টেলিটক ডিজিএম আবারো রিমান্ডে
অর্থ আত্মসাতের অভিযোগের এক মামলায় টেলিটকের উপ-ব্যবস্থাপক (ডিজিএম) এ কে এম আসাদুজ্জামানকে ফের দুই দিন হেফাজতে নেওয়ার অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন।
ঢাকার মহানগর হাকিম অমিত কুমার দে বুধবার এ আদেশ দেন।
এ মামলার তদন্ত কর্মকর্তা দুদকের উপ-পরিচালক জাহাঙ্গীর আলম আসামিকে আদালতে হাজির করে দশ দিনের হেফাজতে (রিমান্ড) নেয়ার আবেদন করেন।
আবেদনে বলা হয়, ভুয়া ক্যারিয়ার কোম্পানি অ্যারিস্টো কল সার্ভিসকে কাজ পাইয়ে দিতে সহযোগিতা করেন বিটিসিএলের এই সাবেক প্রকৌশলী।
ভুয়া কাগজপত্র যাচাই-বাছাই না করে ওই প্রতিষ্ঠানকে কাজ পাইয়ে দেন তিনি।
তার বিরুদ্ধে সরকারের ১৫ কোটি ৫১ লাখ ৪ হাজার ১শ’৭ টাকা আত্মসাতের অভিযোগ আনা হয়েছে।
এর আগে গত ৭ জানুয়ারি আরো দুটি মামলায় এ কে এম আসাদুজ্জামানকে তৃতীয় দফায় দুই মামলায় ছয় দিন দুদক হেফাজতে নেয়ার অনুমতি দেয় আদালত।
এর আগে রমনা থানার ৬(১১)১২, ১০(১১)১২ ও ৯(১১)১২ মামলায় আদালতে তিনি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।
গত ২৬ ডিসেম্বর দুই মামলায় আট দিন এবং গত ১৪ ডিসেম্বর আরো ষোল দিন রিমান্ডে নেয়ার অনুমতি দেয় আদালত।
১৩ ডিসেম্বর টেলিটকের প্রধান কার্যালয় থেকে গ্রেপ্তার করা হয় এ কে এম আসাদুজ্জামানকে। তিনি বিটিসিএলের সাবেক বিভাগীয় প্রকৌশলী ছিলেন।
