২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জামিন পাননি মাহমুদুর রহমান

যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের সাবেক চেয়ারম্যানের সঙ্গে প্রবাসী এক আইন গবেষকের কথিত স্কাইপ কথোপকথন প্রকাশের মামলায় জামিন পাননি আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান।

নিজস্ব প্রতিবেদক

সুলায়মান নিলয়

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Jan 2013, 07:18 PM

Updated : 23 Aug 2022, 10:01 AM

মঙ্গলবার দুপুরের পর তার জামিনের আবেদনের শুনানি শেষে বিচারপতি সিদ্দিকুর রহমান মিয়া ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ জামিন দিতে অপারগতা প্রকাশ করে।

এরপর মাহমুদুরের আইনজীবী ‘গ্রেপ্তার ও হয়রানি না করার আদেশ চাইলে আদালত বলে ‌‘দুঃখিত’ বলে আদালত আবেদনটি ফিরিয়ে দেয়।

আদালতে মাহমুদুর রহমানের পক্ষে ছিলেন এ জে মোহাম্মদ আলী এবং রাষ্ট্রপক্ষে ছিলেন মাহবুবে আলম।

মাহমুদুরের সঙ্গে আমার দেশের প্রকাশক হাশমত আলীও জামিনের আবেদন করেন।

আদালতের দুঃখপ্রকাশের পর মাহমুদুরের আইনজীবী বিচারপতি সালমা মাসুদের নেতৃত্বাধীন বেঞ্চে যান। সেখানে আবেদনটি শুনানির জন্য উপস্থাপন করলে আদালত বলে, এই আবেদনটি অন্য একটি আদালতের কার্য তালিকায় আছে। তাই এটা তারা শুনতে পারেন না।


এ সময় মাহমুদুরের আইনজীবীরা আগের আদালতে গিয়ে আবেদনকে কার্যতালিকা বহির্ভূত করে নিয়ে পুনরায় গেলেও ওই বেঞ্চের বিচারককে এজলাসে পাননি।

বিচারপতি নিজামুল হক নাসিমের সঙ্গে ব্রাসেলসপ্রবাসী আহমেদ জিয়াউদ্দিনের কথিত স্কাইপ কথোপকথন গত ডিসেম্বরে আমার দেশে প্রকাশিত হলে তা নিয়ে ব্যাপক আলোচনা ওঠে।

ওই কথিত কথোপকথন দৈনিক আমার দেশ ও দৈনিক সংগ্রামে ধারাবাহিকভাবে প্রকাশের পর সৃষ্ট বিতর্কের মধ্যেই গত ১১ ডিসেম্বর ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যানের দায়িত্ব থেকে ইস্তফা দেন বিচারপতি নিজামুল হক। এরপর ১৩ ডিসেম্বর আমার দেশের বিরুদ্ধে মামলা করলেন প্রসিকিউটর সাহিদুর রহমান। এই মামলাতেই জামিন নিতে সকালে আদালতে আসেন আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক।


মামলা করার দিন সাহিদুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অভিযুক্তরা অন্যায়ভাবে স্কাইপ হ্যাক করে তথ্য যোগাযোগ ও প্রযুক্তি আইনের ৫৬, ৫৭ ধারা এবং দণ্ডবিধির ১২৪/এ এবং ৫০৬/এ ধারার অপরাধ করেছেন।

পাশাপাশি এর মাধ্যমে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের কার্যক্রম ব্যাহত করার মাধ্যমে আমার দেশের কর্তারা রাষ্ট্রদোহের শামিল অপরাধ করেছেন বলে মামলায় অভিযোগ করা হয়।

আমার দেশের ভারপ্রাপ্ত সম্পাদক মাহমুদুর রহমান সাবেক বিএনপি সরকারের সময় জ্বালানি উপদেষ্টা ছিলেন।

আর দৈনিক সংগ্রাম জামায়াতে ইসলামীর মুখপত্র, যে দলটির শীর্ষ নয় নেতার বিচার চলছে যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে।