জামিন পেলেন না সেই বিচারক
ফেনসিডিলসহ আটক জাভেদ ইকবালকে কেন জামিন দেয়া হবে না, তার কারণ জানাতে ঢাকার জেলা প্রশাসককে বলেছে হাই কোর্ট।
বিস্তারিত শুনানির পর কেবল জামিনের রুল পেলেন ফেনসিডিলসহ গ্রেপ্তারের পর সাময়িক বরখাস্ত ভোলার জ্যেষ্ঠ সহকারী জজ জাবেদ ইমাম।
মঙ্গলবার বিচারপতি কামরুল ইসলাম সিদ্দিকী ও বিচারপতি শেখ মো. জাকির হোসেনের বেঞ্চ এই আদেশ দিয়েছেন বলে উভয় পক্ষের আইনজীবীরা জানিয়েছেন।
আদালতে আবেদনকারীর পক্ষে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল আবদুল্লাহ আল মামুন শুনানি করেন।
জাভেদ ইমামের জামিন আবেদনের শুনানির পর সোমবার হাই কোর্টের এই বেঞ্চ জামিনের মৌখিক আদেশ দিলেও পরে তা পরিবর্তন করে।
জাভেদের আইনজীবী রুহুল কুদ্দুস কাজল মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম বলেন, “আদালত আজ আদেশটি রিকল (প্রত্যাহার) করে বিস্তারিত শুনানি করেছেন। শুনানির পর তাকে কেন জামিন দেয়া হবে না, মর্মে রুল জারি করে ২ সপ্তাহের মধ্যে ঢাকার জেলা প্রশাসককে জবাব দিতে বলেছেন।”
জামিনের আদেশ পরিবর্তনের কথা সোমবার এক আইনজীবী জানালেও রুহুল কুদ্দুস কাজল কিংবা আবদুল্লাহ আল মামুন কেউই নিশ্চিত করতে পারেননি।
ডেপুটি অ্যাটর্নি জেনারেল আল মামুন মঙ্গলবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত সোমবারই আদেশটি প্রত্যাহার করেছিল। শেষ বেলায় এই আদেশ হওয়ার আমরা তা জানতাম না।”
রুলের বিষয়ে তিনি বলেন, “আদালত শুধু রুল জারি করেছেন, কোনো অন্তর্বর্তীকালীন আদেশ দেননি। তাই এখন আবেদনকারীর জামিন হবে কি না, তা রুল শুনানির পর কী আদেশ হবে, তার ওপর নির্ভর করছে।”
সোমবার দুপুরের আগে জামিনের বিষয়ে আদালতের মৌখিক আদেশ আসে। ওই আদেশে ওই বিচারককে কেন স্থায়ী জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি হয়। একইসঙ্গে ওই বিচারককে ছয় মাসের অন্তবর্তীকালীন জামিন দেয়া হয়।
সন্ধ্যায় সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সাবেক সম্পাদক শ ম রেজাউল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আদালত আদেশটি প্রত্যাহার (রিকল) করে মঙ্গলবার বিস্তারিত শুনানির জন্য রেখেছেন।”
ওই বিচারককে গণমাধ্যমের সামনে হাজিরের ঘটনায় পুলিশের রমনা জোনের উপ-কমিশনারসহ পাঁচ কর্মকর্তাকে প্রত্যাহারে নিম্ন আদালত ৬ ডিসেম্বর আদেশ দেয়। ১২ ডিসেম্বর হাই কোর্টের অন্য একটি বেঞ্চ এই আদেশ স্থগিত করে দেয়।
ওই আদালতে শ ম রেজাউল করিম পুলিশের পক্ষে মামলা লড়েন।
গত ১ ডিসেম্বর রাতে রাজধানীর নিউ মার্কেট থানা এলাকায় ব্যাগভর্তি ফেনসিডিলসহ গ্রেপ্তার হন জাভেদ ইমাম। ২ ডিসেম্বর মাদকদ্রব্য আইনে নিউ মাকের্ট থানায় তার বিরুদ্ধে মামলা হয়।
২০০৪ সালে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে আইন বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি নিয়ে ২০০৮ সালের ২২ মে কুষ্টিয়ায় সহকারী জজ হিসাবে চাকরি শুরু করেন জাবেদ ইমাম। পরে তাকে যশোরে বদলি করা হয়।
ওই ঘটনার কিছুদিন আগে যশোর থেকে তিনি ভোলায় বদলি হন। তবে নতুন কর্মস্থলে যোগ দেয়ার পর তিনি ছুটিতে ছিলেন।
কাজল জানান, গত ১৮ ডিসেম্বর নিম্ন আদালত জাবেদের জামিন আবেদন খারিজ করলে ২ জানুয়ারি তিনি হাই কোর্টে জামিন আবেদন করেন।
